—প্রতীকী ছবি।
প্রতিটি রাশির সঙ্গেই যেমন বিভিন্ন গ্রহের সুসম্পর্ক থাকে, তেমনই নানা গ্রহের সঙ্গে খারাপ সম্পর্কও থাকে। শাস্ত্রে কিছু গ্রহকে শুভর তকমা দেওয়া হয় এবং কিছু গ্রহকে অশুভ। তবে খারাপ সম্পর্ক শুভ-অশুভ ব্যতিরেকে যে কোনও গ্রহের সঙ্গেই থাকতে পারে। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, কিছু রাশির সঙ্গে শুক্রের সম্পর্ক ভাল নয়। তালিকায় কোন কোন রাশি রয়েছে, জেনে নিন।
কোন রাশির ব্যক্তিদের সঙ্গে শুক্রের সম্পর্ক ভাল নয়?
মেষ: মেষ রাশির অধিপতি মঙ্গল। এই রাশির ব্যক্তিদের সঙ্গে শুক্রের সম্পর্ক খুব একটা ভাল নয়। সেই কারণে এঁদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ থাকে না। মেষ জাতক-জাতিকারা আয়ের কথা মাথায় রেখে ব্যয় করেন না। যখন যা মন চায়, কিনে ফেলেন। সেই কারণে এঁদের ঋণের বোঝাও বইতে হয়।
কর্কট: শাস্ত্রমতে, শুক্র ও চাঁদের সম্পর্ক ভাল নয়। অন্য দিকে, কর্কট জাতক-জাতিকারা নিয়ন্ত্রিত হন চাঁদ দ্বারা। সেই কারণে এঁরা শুক্রের সুফল প্রাপ্ত হন না। এঁদের জীবনে অর্থের প্রবাহ অনিশ্চিত। আয়ের স্থায়ী সূত্র লাভ করেন না। কাছের মানুষদের খুশি করার জন্য এঁরা প্রচুর ব্যয় করে ফেলেন। কিন্তু তা সত্ত্বেও সুখ পান না।
সিংহ: সূর্যের রাশি সিংহের সঙ্গে শুক্রের সম্পর্ক ভাল নয়। এই রাশির জাতক-জাতিকারা রাজকীয় চালে জীবন কাটাতে পছন্দ করেন। কিন্তু সেই অনুযায়ী আয় করতে পারেন না। প্রচুর পরিশ্রম করেও এঁরা মনোমতো আয় করতে ব্যর্থ হন। সঞ্চয়ের ক্ষেত্রেও এঁরা অপরের থেকে পিছিয়ে থাকেন। শখ মেটাতে সিংহ জাতক-জাতিকারা হাতে থাকা সমস্ত টাকা উড়িয়ে দেন।
বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত। সেই কারণে সূর্যের সঙ্গে এঁদের সম্পর্ক খুব একটা ভাল নয়। এঁদের আর্থিক ক্ষেত্রে উত্থান-পতন লেগেই থাকে। প্রচুর পরিশ্রম করলেও সেই অনুযায়ী অর্থ আসে না। আর্থিক ক্ষেত্রে বৃশ্চিক জাতক-জাতিকাদের অনেক সময় ঠকতেও হয়।