প্রতিনিধিত্বমূলক ছবি।
ধর্মীয় শিক্ষার নামে চলত মগজধোলাই। নাম ভাঁড়িয়ে কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে গোপনে চালাতেন জঙ্গি কার্যকলাপ। দেশে বড়সড় হামলার ছকও কষা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু তার আগেই গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) অভিযান চালিয়ে গুজরাত এবং মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করল জইশ জঙ্গি সংগঠনের ‘স্লিপার’ সেলের অত্যন্ত সক্রিয় আট সদস্যকে।
এটিএস সূত্রে খবর, শুক্রবার জইশের ওই আট সদস্যকে গুজরাতের বনাসকণ্ঠা, পাটন, নবসারি এবং মধ্যপ্রদেশের দেওয়াস থেকে গ্রেফতার করা হয়েছে। এটিএসের দাবি, দুই রাজ্যে বেশ কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই স্লিপার সেলের সদস্যেরা জঙ্গি কার্যকলাপ চালাতেন। শুধু তা-ই নয়, ধর্মীয় শিক্ষার নামে মগজধোলাই চলত বলেও দাবি তদন্তকারীদের। ধৃত জইশ জঙ্গিদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
এটিএস সূত্রে খবর, গুজরাতে সন্ত্রাসের জাল বিস্তার করেছিল এই স্লিপার সেল। এখান থেকেই দেশের বড় শহরগুলিতে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। গুজরাতের কোথায় কোথায় এই স্লিপার সেলের নেটওয়ার্ক রয়েছে, সেগুলি খুঁজে বার করার জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতেরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। ধৃতেরা হলেন, আহমদ আবদুল্লা, আবু হামজ়া, আবু আয়া, জ়াকারিয়া দুরানি, মুফতি সাহাব, মহম্মদ আমিন শেরা, আবদুল রহমান সাভধি, আবু দুজানা।