FIFA World Cup 2026

ভায়াগ্রা খেয়ে নামবেন হ্যারি কেনরা, অনুমতি ফিফার! বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়ে মেক্সিকোয় হেনস্থার শিকার ইংল্যান্ড

মেক্সিকোয় রাউন্ড অফ ৩২-র ম্যাচ খেলতে গিয়ে সমস্যায় পড়েছিল ইকুয়েডর। ইকুয়েডরের ফুটবলাদের রাতের ঘুম নষ্ট করার চেষ্টা করেছিলেন মেক্সিকোর ফুটবলপ্রেমীদের একাংশ। হেনস্থার শিকার হলেন হ্যারি কেনরাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৪:০৫
Picture of Football

হ্যারি কেন। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ মেক্সিকো। হ্যারি কেনরা পৌঁছে গিয়েছেন সে দেশে। মেক্সিকোয় পৌঁছোনোর পর হেনস্থার শিকার হতে হয়েছে ইংল্যান্ডের ফুটবলারদের। এই ম্যাচের আগে ইংল্যান্ডের ফুটবলারেরা বিশেষ একটি ওষুধ খেতে পারেন।

Advertisement

মেক্সিকোয় রাউন্ড অফ ৩২-র ম্যাচ খেলতে গিয়ে সমস্যায় পড়েছিল ইকুয়েডর। ম্যাচের এক দিন আগে ইকুয়েডরের ফুটবলাদের রাতের ঘুম নষ্ট করার চেষ্টা করেছিলেন মেক্সিকোর ফুটবলপ্রেমীদের একাংশ। ইকুয়েডরের হোটেলের সামনে কয়েক শো মেক্সিকান ভিড় জমিয়ে চিৎকার চেঁচামেচি করেছিলেন। তাঁদের সঙ্গে ছিল নানা বাদ্যযন্ত্রও। কেউ কেউ সমানে গাড়ির হর্নও বাজিয়ে ছিলেন। বিরক্ত হয়ে ইকুয়েডরের ফুটবলারেরা মাঝরাতে জানালার পর্দা সরিয়ে বোঝার চেষ্টা করেছিলেন, বাইরে কী চলছে। পরে আফ্রিকার দেশটি ফিফার কাছে সরকারি ভাবে অভিযোগও জানায়।

মেক্সিকোয় পা দিয়ে প্রায় তেমনই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে কেনদের। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্য়ান্ডের হোটেলের বাইরে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। বেশির ভাগ মানুষ ‘মেক্সিকো, মেক্সিকো’ বলে চিৎকার করছিলেন। ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ ফুটবলারদের কটূক্তিও করেছেন। এত ভিড় ছিল যে দলের বাস হোটেলে ঢুকতেও কিছুটা সময় লেগেছে। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার রাস্তাতেও বিভিন্ন জায়গায় সাময়িক অবরোধ মতো করে রাখা হয়। তবে ফুটবলারদের বড় কোনও সমস্যায় পড়তে হয়নি। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় হোটেলে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডের ফুটবলারদের। হোটেলের বাইরেও যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল।

ইংল্য়ান্ড দলের পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের হোটেল গোপন রাখতে। তা না হওয়ায় কিছুটা বিরক্ত ইংরেজরা। আশা করা হচ্ছে, তাঁদের অনুশীলনের স্থান অন্তত গোপন রাখা হবে। যাতে গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য প্রস্তুতিতে সমস্যা না হয়।

অন্য দিকে, মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার আগে জর্ডন পিকফোর্ড, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকাদের ভায়াগ্রা খাওয়ানো হতে পারে। ফিফা অনুমতিও দিয়েছে টমাস টুখেলের দলকে। যা নিয়ে তৈরি হয়েছে বিস্ময়। জানা গিয়েছে, ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ হবে এস্তাদিও আজতেকায়। এই স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৩৫০ ফুট উঁচুতে। একটি ফুটবল ম্যাচ খেলে ফুটবলারেরা সাধারণ ভাবে যতটা ক্লান্ত হন,এই ম্যাচে তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উচ্চতার জন্য ইংল্যান্ডের ফুটবলারদের যাতে সমস্যায় পড়তে না হয়, তাই ভায়াগ্রা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে ফিফা।

ভায়াগ্রা খেলাধুলায় নিষিদ্ধ নয়। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়েরা যে কোনও সময় ভায়াগ্রা ব্যবহার করতে পারেন। কোনও বিধিনিষেধ নেই। তাই আপত্তি জানায়নি ফিফাও। ভারতীয় সময় অনুযায়ী আগামী ৬ জুলাই ভোর ৫.৩০-এ মুখোমুখি হবে ইংল্যান্ড-মেক্সিকো।

Advertisement
আরও পড়ুন