লিয়োনেল স্কালোনি। ছবি: রয়টার্স।
কাবো ভার্দের বিরুদ্ধে দলের খেলায় খুশি নন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেনে নিয়েছেন সে কথা। বিশ্বজয়ী কোচের মুখে ফুটে উঠেছে হতাশাও।
বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশের বিরুদ্ধে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। ৩-২ ব্যবধানে জয়ের পর স্কালোনি বলেছেন, ‘‘অনেকে বলেছিলেন, আমাদের নাকি সহজ সূচি পড়েছে। এই ফল তাদের উত্তর। এই ম্যাচ জিতে আমরা পরের পর্বে যাব, এটা প্রত্যাশিত ছিল। হ্যাঁ, আমাদের একটা বেশ কঠিন ম্যাচ খেলে পরের পর্বে যেতে হচ্ছে। ম্যাচ শেষ হওয়ার পর আমাদের ফুটবলারেরা একদম বিধ্বস্ত হয়ে পড়েছে। আমাদের যে উন্নতির অনেক সুযোগ রয়েছে, তা বুঝিয়ে দিয়েছে এই ম্যাচ। এটাও বলব, ফুটবলারেরা অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছে।’’ কাবো ভার্দের বিরুদ্ধে খেলেই বিশ্বজয়ীরা বিধ্বস্ত! স্কালোনি বলেছেন, ‘‘১২০ মিনিটের বেশি খেলতে হয়েছে। আবহাওয়াও একটা ব্যাপার। অনেকের পেশিতে টান ধরছিল। সকলে খুব ক্লান্ত। তবে ওরা হৃদয় দিয়ে খেললে সব কিছু জয় করতে পারে। এই ম্যাচ আমাদের দলের চরিত্রের পরিচয়।’’
প্রতিপক্ষ কাবো ভার্দের লড়াইয়ের প্রশংসা শোনা গিয়েছে আর্জেন্টিনা কোচের মুখে। স্কালোনি বলেছেন, ‘‘আমি চাইছিলাম, ম্যাচটা যত দ্রুত সম্ভব শেষ হোক। ওরা অসাধারণ একটা গোল করেছে। এই জন্যই আমি সব সময় সতর্ক থাকার কথা বলি। আমি খুব শান্ত থাকার চেষ্টা করেছি। সকলে বলছিলেন, আমরা সহজেই জিতে যাব। আমরা কিন্তু জানতাম ম্যাচটা সহজ হবে না। কাবো ভার্দে দলটার সবচেয়ে ভাল দিক হল— ওরা শুধু খেলেই চলে আর খেলেই চলে। থামে না। ওদের ফুটবলারেরা নিজেদের সর্বস্ব দিয়ে আক্রমণ চালিয়ে যায়। তবে আমরা পরিস্থিতি সামলে নিতে পেরেছি। মাঠটাও একটু অদ্ভুত ধরনের। বল ঠিকমতো গড়াচ্ছিল না। আমরা যে রকম অভ্যস্ত, সে রকম নয়। এটুকু বলব,মাঠটাও ফুটবল খেলার জন্য আদর্শ নয়।’’ তিনি বলেছেন, ‘‘আর্জেন্টিনীয় হওয়ার এটাই জ্বালা। কত কিছু শুনতে হয়! কাবো ভার্দের ফুটবলারেরা নিজেদের ১০০ শতাংশের বেশি দিয়ে লড়াই করেছে। ফুটবলে এই লড়াই আসল। সকলকে সমান করে দেয়। সমর্থকেরা জানেন, এই দলটার নাম আর্জেন্টিনা। আমাদের জন্য কিছুই সহজ নয়। এই জার্সিটার আলাদা মূল্য রয়েছে। আমরা এগিয়ে যেতে থাকব। হয়তো আরও কঠিন লড়াই, পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদের।’’
স্কালোনি পরের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-য় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। মঙ্গলবার ৭ জুন মহম্মদ সালাহর মুখোমুখি হবেন লিয়োনেল মেসি।