FIFA World Cup 2026

আর্জেন্টিনা জিতলেও নায়ক কাবো ভার্দে, বুঝিয়ে দিলেন মেসি! দলের খেলায় একেবারেই খুশি নন লিয়ো

লিয়োনেল মেসি মনে করছেন কাবো ভার্দের বিরুদ্ধে প্রত্যাশিত ফুটবল খেলতে পারেননি তাঁরা। শিক্ষা নিতে হবে তাঁদের। প্রথম বার বিশ্বকাপ খেলতে আসা দলের প্রশংসাও করেছেন এলএম টেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১১:০৮
Picture of Football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

তাঁরা প্রত্যাশা মতো খেলতে পারেননি। কিছু ভুল হয়েছে। কাবো ভার্দে ম্যাচের পর মেনে নিলেন লিয়োনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়কের বার্তা ভুল শুধরে আরও ভাল ফুটবল খেলতে হবে তাঁদের।

Advertisement

ম্যাচ শেষ হওয়ার ঠিক পরেই মেসি বলেন, ‘‘জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। বিশ্বকাপে কেউ আপনাকে বিনামূল্যে কিছু দেবে না। এখন আমরা বিশ্রাম নেব। এই ম্যাচ থেকে শিক্ষা নেব এবং পরের ম্যাচের প্রস্তুতি শুরু করব। কাবো ভার্দেকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দন।’’

সেমির এই কথাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিছু ভুল হয়েছে তাঁদের খেলায়। পরে ১২০ মিনিটের লড়াই নিয়ে মেসি বলেছেন, ‘‘আমরা আগেই জানতাম কঠিন ম্যাচ খেলতে হবে। এই দলটা স্পেন এবং উরুগুয়েকে আটকে দিয়েছিল। সেগুলো কোনও কাকতালীয় ঘটনা ছিল না। প্রথম গোল করাটাই ছিল সবচেয়ে কঠিন। সেটা আমরা করতে পেরেছি। এগিয়ে যাওয়ার পর ভেবেছিলাম, এ বার হয়তো লড়াই কিছুটা সহজ হবে। ঠান্ডা মাথায় নিজেদের খেলা খেলতে পারব, কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটল।’’

মেসি মেনে নিয়েছেন তাঁরা প্রত্যাশিত ফুটবল খেলতে পারেননি। আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘‘কাবো ভার্দে ওদের পরিকল্পনা এবং দক্ষতার দুর্দান্ত ব্যবহার করেছে। মনে হচ্ছিল কাজটা একটু কঠিনই হবে। নকআউট ম্যাচে চাপ থাকেই। সহজে কিছু পাওয়া যায় না। কেউ কেউ হয়তো নাম শুনে কোনও দেশের দলকে কম গুরুত্ব দিতে পারে। আমরা এ সব নিয়ে ভাবি না। কঠিন লড়াই করতে হবে ভেবেই মাঠে নেমেছিলাম।’’ মেসি আরও বলেছেন, ‘‘এটাই বিশ্বকাপের সৌন্দর্য্য। ব্যবধান খুব কম। এই পর্যায়ে প্রতিটি ম্যাচই কঠিন। ভাল খেললেও প্রচুর পরিশ্রম করতে হয়। আবার নিজেদের সেরাটা দিতে না পারলে আরও বেশি খাটতে হয়।’’

বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-য় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। মঙ্গলবার ৭ জুন মহম্মদ সালাহর মুখোমুখি হবেন মেসি।

Advertisement
আরও পড়ুন