চিংড়ি দিয়ে বরবটির ভর্তা। ছবি: এআই সহায়তায় তৈরি।
বরবটি কি কেবল অনুষঙ্গ? মাছের ঝোল, পাঁচমিশালিতে উঁকি দেওয়ার পাশাপাশি ভাজাতে ব্যবহৃত হয় কেবল। কিন্তু কেবল বরবটি দিয়ে গোটা এক থালা ভাত খেয়ে নিতে পারেন। হাতিয়ার, সেই সুস্বাদু ভর্তার রেসিপি। তবে কেবল সব্জির ভর্তা নয়, এর সঙ্গে চিংড়ি মিশিয়ে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবেন। কী ভাবে বানাবেন, শিখে নিন প্রণালী।
উপকরণ
৫০০ গ্রাম বরবটি
৩০০ গ্রাম চিংড়ি
৩ টেবিল চামচ সর্ষের তেল
২ টেবিল চামচ রসুনকুচি
২ টেবিল চামচ চিলি ফ্লেক্স
আধ কাপ পেঁয়াজকুচি
১ চা চামচ হলুদগুঁড়ো
এক চিমটে লঙ্কাগুঁড়ো
আধ কাপ ধনেপাতাকুচি
স্বাদমতো নুন
প্রণালী
এক দিকে বরবটিগুলি ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে রাখুন। অন্য দিকে, চিংড়িগুলো খুব ভাল করে পরিষ্কার করে ধুয়ে রাখুন। বড় চিংড়ি হলে ছোট ছোট করে কেটে নিন আর যদি কুচো চিংড়ি হয়, তা হলে তেমনই থাকুক।
তার পর একটি পাত্রে জল নিয়ে তাতে বরবটিগুলি সেদ্ধ করতে বসিয়ে দিন। ৫-৬ মিনিট পরে সেগুলি নরম হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। জল ফেলে দিয়ে সেদ্ধ বরবটিগুলি ঠান্ডা করে নিন। তার পর মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়ায় ভাল করে বেটে নিন বরবটিগুলি।
এ বার কড়াই বা প্যান গরম করে তাতে তেল ঢালুন। গরম হয়ে গেলে তাতে রসুনকুচি ফোড়ন দিন। তার পর চিলি ফ্লেক্স ঢেলে দিন।
রসুন আর শুকনোলঙ্কা ভাজা ভাজা হয়ে এলে তাতে পেঁয়াজকুচি ঢেলে দিন। পেঁয়াজ ভাজতে ভাজতে এর মাঝে কাঁচালঙ্কা দিয়ে দিন। স্বাদমতো নুন এবং হলুদ মিশিয়ে সব উপকরণ ভাল করে তেলে ভাজতে হবে।
মাঝারি আঁচে ভাজতে ভাজতে চিংড়ি ঢেলে দিন কড়াইয়ে। এ বার চিংড়ি ভাজার পালা। ঢেলে দিন লঙ্কাগুঁড়োও। ভাল করে কষাতে থাকুন মশলাগুলি।
কষানো হয়ে গেলে বরবটিবাটা মিশিয়ে দিন। আঁচ বাড়িয়ে ৮-১০ মিনিট মতো রান্না করতে হবে, বাটা বরবটি যাতে ধীরে ধীরে শুকিয়ে যায়। আঁচ বন্ধ করে উপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতাকুচি। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে বরবটির ভর্তা।