CA Final Exam Results 2026

সিএ পরীক্ষায় সেরার তালিকায় মহারাষ্ট্রের জয়জয়কার, বাংলার কৃতীরা কোথায়?

দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া আয়োজিত ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, ফাইনাল পরীক্ষার মেধাতালিকায় বেশির ভাগ পড়ুয়ারাই মহারাষ্ট্রের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৫:০৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার দৌঁড়ে এগিয়ে মহারাষ্ট্রের পড়ুয়ারা। সদ্যই দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া আয়োজিত ফাউন্ডেশন, ইন্টারমিডিয়েট, ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে সাফল্যের তালিকায় বেশির ভাগ পড়ুয়ারাই মহারাষ্ট্রের। বাংলার স্থান রয়েছে একটি মাত্র পরীক্ষার মেধাতালিকায়।

Advertisement

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) ইন্টারমিডিয়েট পরীক্ষায় মহারাষ্ট্রের শার্দুলশেখর বিচারে প্রথম হয়েছেন। ওই পরীক্ষার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সে রাজ্যের বাসিন্দা তীর্থ জৈন। আবার সদ্যই প্রকাশিত হওয়া সিএ ফাউন্ডেশন পরীক্ষার ফলাফল অনুযায়ী, প্রথম তিন কৃতীই মহারাষ্ট্রের পড়ুয়া। প্রথম হয়েছেন সাক্ষী জৈন, দ্বিতীয় স্থানাধিকারী আয়ান আব্বাস আজানি এবং তৃতীয় স্থানে রয়েছে রাধা উমেশ মুলে। তবে, সিএ ফাইনালের ফলাফলে মহারাষ্ট্রের একজন পড়ুয়াই মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। ওই পরীক্ষায় ডোম্বিবলীর (পূর্ব) সোহন অনিল মঞ্জরেকর তৃতীয় হয়েছেন।

তবে, চলতি বছর থেকে ফাইনাল পরীক্ষাটি দু’বার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। এর আগে ২০২৫ পর্যন্ত ওই পরীক্ষাটি তিন ভাগে নেওয়া হয়েছিল। জানুয়ারির পরীক্ষায় মহারাষ্ট্রের কোনও পরীক্ষার্থী সেরা তিনজনের তালিকায় জায়গা করে নিতে না পারলেও, মে এবং সেপ্টেম্বর মাসের পরীক্ষায় প্রথম এবং তৃতীয় হয়েছিলেন মুম্বইয়ের দিশা আশিস গোখরু এবং অক্ষত বীরেন্দ্র নটিয়াল।

এর আগে ২০২৫-এ ইন্টারমিডিয়েটের মে মাসের পরীক্ষায় দিশা শীর্ষস্থান অর্জন করেছিলেন। অক্ষত সেপ্টেম্বরের পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী হয়েছিলেন। ২০২৫-এর ফাউন্ডেশন পরীক্ষা মে এবং সেপ্টেম্বর মাসে হয়েছিল। সেই দু’টি পরীক্ষার মেধাতালিকায় মুম্বই এবং ঠাণে থেকে তিনজন পড়ুয়া প্রথম তিনজনের মধ্যে জায়গা করে নিতে পেরেছিলেন। তাঁরা হলেন নীল রাজেশ শাহ, ইয়াডনেশ রাজেশ নারকর এবং শার্দুলশেখর বিচারে।

ধারাবাহিক ভাবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত তিন বছরই সিএ-এর তিনটি পরীক্ষাতেই মহারাষ্ট্রের বিভিন্ন জেলার পড়ুয়ারা শীর্ষস্থানে জায়গা করে নিতে পেরেছেন। সেই ধারা অন্য রাজ্যের ক্ষেত্রে সে ভাবে চোখে পড়েনি। এই বিশেষ পরীক্ষাগুলির মেধাতালিকায় পশ্চিমবঙ্গের মাত্র দু’জন পড়ুয়া শেষ দু’বছরে জায়গা করে নিতে পেরেছেন।

পশ্চিমবঙ্গের ছবি

এ বারের সিএ ফাইনাল (মে মাসের) পরীক্ষায় হাওড়ার ঋতিজ শরফ দ্বিতীয় স্থানাধিকারী হয়েছেন। সিএ ফাউন্ডেশনের জানুয়ারির পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের খুশি সিকারিয়া। এর আগে ২০২৫-এ মে মাসের ফাইনাল পরীক্ষাতেও দ্বিতীয় স্থানাধিকারী হয়েছিলেন কলকাতার পড়ুয়া নিশিতা বোথরা। ২০২১-এ অভিষেক গুপ্ত সারা দেশের মধ্যে সিএ ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। এর পরে ২০২৫ এবং ২০২৬-এ ফের মেধাতালিকায় জায়গা করে নিতে পেরেছেন এ রাজ্যের পড়ুয়ারা।

সদ্যই পাঠ্যক্রমে কৃত্রিম মেধার মত প্রযুক্তি নির্ভর বিষয় সংযোজন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মতো একাধিক ক্ষেত্রে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে আইসিএআই। এ ক্ষেত্রে প্রয়োজনে পঠনপাঠন পদ্ধতিতেও পরিবর্তন আনার পরিকল্পনা করা হচ্ছে। এ ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার যোগ্যতা অর্জনের পরীক্ষায় আরও বেশি সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারবেন বলে আশাবাদী আইসিএআই।

Advertisement
আরও পড়ুন