Tina Ambani And ED

ইডি-র সমন এড়ালেন অনিল অম্বানীর পত্নী! ৪০ হাজার কোটির কেলেঙ্কারিতে আবার তলব করা হবে টিনাকে

নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বিলাসবহুল কনডোমিনিয়াম কেনার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অম্বানী-পত্নীকে ডেকেছিল ইডি। ওই মামলাতেই আরকম-এর প্রাক্তন প্রেসিডেন্ট পুনীত গর্গ গ্রেফতার হয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৫
Tina Ambani

প্রাক্তন অভিনেত্রী টিনা অম্বানী। —ফাইল চিত্র।

রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানীর পত্নীকে নতুন করে সমন পাঠাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৪০ হাজার কোটি টাকা দুর্নীতি মামলায় সোমবারই ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল টিনা অম্বানীকে। কিন্তু প্রাক্তন অভিনেত্রী হাজিরা এড়িয়েছেন। ইডি সূত্রে খবর, তদন্তের স্বার্থে শীঘ্রই তাঁকে ডেকে পাঠানো হচ্ছে।

Advertisement

জানা যাচ্ছে, নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বিলাসবহুল কনডোমিনিয়াম কেনার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অম্বানী-পত্নীকে ডেকেছিল ইডি। ওই মামলাতেই রিল্যায়্যান্স কমিউনিকেশন (আরকম)-এর প্রাক্তন প্রেসিডেন্ট পুনীত গর্গকে গ্রেফতার করেছে তারা।

সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে অনিল ধীরুভাই অম্বানী গ্রুপ (এডিএজি)-এর বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতি, আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ এবং মামলা তদন্তের জন্য সিট গঠন করেছে ইডি। তার মধ্যে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে উঠে এসেছে টিনার নাম।

বস্তুত, গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট ইডি-কে নির্দেশ দিয়েছে, এডিএজি-র বিরুদ্ধে যাবতীয় মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে হবে। শীর্ষ আদালত বলে, ‘‘নিরপেক্ষ, স্বাধীন, দ্রুত এবং নিঃস্বার্থ ভাবে তদন্ত করতে হবে।’’ শুধু তা-ই নয়, সুপ্রিম কোর্ট সিবিআই-কে নির্দেশ দেয় সংশ্লিষ্ট মামলাগুলিতে যোগসাজশ, ষড়যন্ত্র ইত্যাদি রয়েছে কি না, তারা যেন সেটা খতিয়ে দেখে।

গত এক বছর থেকে অনিল এবং তাঁর সংস্থা রিলায়্যান্স গ্রুপের বিরুদ্ধে বেশ কিছু মামলার তদন্ত করছে ইডি। আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে তিনটি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি প্রায় ১২,০০০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি। ওই সময় গ্রেফতার হন অম্বানীর সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুনীত।

অনিলের স্ত্রীকে ইডি-র তলব এবং সমন এড়ানো নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি রিলায়্যান্স গ্রুপ।

Advertisement
আরও পড়ুন