Himachal Pradesh Zilla Parishad Election

পুরভোটের পরে এ বার হিমাচল প্রদেশে পঞ্চায়েত ভোটেও জয়ের পথে বিজেপি! মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও ধাক্কা খেল কংগ্রেস

সোমবার হিমাচলের সোলান, মান্ডী, ধরমশালা এবং পালমপুরের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে শুধু পালমপুরে জয়ী হয় সে রাজ্যের শাসকদল কংগ্রেস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২৩:২২
হিমাচল প্রদেশে পুরসভার পরে এ বার জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতেও ভাল ফল করতে চলেছে বিজেপি।

হিমাচল প্রদেশে পুরসভার পরে এ বার জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতেও ভাল ফল করতে চলেছে বিজেপি। ছবি: পিটিআই।

কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশে পুরসভার পরে এ বার জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতেও ভাল ফল করতে চলেছে বিজেপি। সোমবার রাত পর্যন্ত গণনার প্রবণতা বলছে, বিজেপি ছ’টি এবং কংগ্রেস একটি জেলা পরিষদে এগিয়ে রয়েছে। একটিতে এগিয়ে নির্দল প্রার্থীরা।

Advertisement

বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের হামিরপুরে বড় জয় পেতে চলেছে বিজেপি। অন্য দিকে, মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুখবিন্দর সিংহ সুখুর কেন্দ্র নদাউনের তিনটি জেলা পরিষদ আসনের মধ্যে দু’টি দখল করেছে বিজেপি। সোমবার হিমাচলের চার পুরনিগমের মধ্যে তিনটিতে জয়ী হয়েছিল পদ্মশিবির। ‘হাত’-এর দখলে গিয়েছিল একটি। এর পরে মঙ্গলবার জেলা পরিষদের ২৫০ এবং পঞ্চায়েত সমিতির ১৬৮৪টি আসনের গণনা শুরু হয়।

প্রসঙ্গত, সোমবার হিমাচলের সোলান, মান্ডী, ধরমশালা এবং পালমপুরের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে শুধু পালমপুরে জয়ী হয় কংগ্রেস। বিজেপি মান্ডীতে ১২টি, সোলানে ১০টি এবং ধরমশালায় ১১টি আসনে জয়লাভ করে। অন্য দিকে, কংগ্রেস মান্ডীতে ১টি, ধরমশালায় ৬টি এবং সোলানেও ৬টি আসনে জয় পায়। পালমপুরে কংগ্রেস ১১টি এবং বিজেপি ২টি আসনে জয়ী হয়। প্রসঙ্গত, এর আগে পালমপুর এবং ধরমশালা কংগ্রেসের দখলে ছিল। বিজেপির দখলে ছিল মান্ডী এবং সোলান।

Advertisement
আরও পড়ুন