Pradyut Bordoloi

ভোটের অসমে আবার ভাঙন কংগ্রেসে! হিমন্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সাংসদ প্রদ্যোৎ বরদলৈ

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার পরে এ বার বিজেপিতে যোগ দিলেন নগাঁও লোকসভা কেন্দ্রের দু’বারের সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। বিধানসভা ভোটের আগে কংগ্রেস বড় ধাক্কা খেল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসমে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৩৯
Ahead Assam Assembly Election Congress MP Pradyut Bordoloi joins BJP

হিমন্ত বিশ্বশর্মা (বাঁদিক থেকে দ্বিতীয়) এবং প্রদ্যোৎ বরদলৈ (ডানদিক থেকে দ্বিতীয়)। —ফাইল চিত্র।

বিধানসভা ভোটের আগে আবার বড় ধাক্কা অসম কংগ্রেসে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার পরে এ বার বিজেপিতে যোগ দিলেন নগাঁও লোকসভা কেন্দ্রের দু’বারের সাংসদ প্রদ্যোৎ বরদলৈ। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন প্রদ্যোৎ।

Advertisement

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রদ্যোতের সম্পর্ক মসৃণ নয়। এই আবহে এআইসিসির তরফে বিধানসভা ভোটের দ্বিতীয় প্রার্থিতালিকা প্রকাশের পরে মঙ্গলবার রাতে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন প্রদ্যোৎ। কংগ্রেসের অন্দরে ‘উত্তর-পূর্বাঞ্চলের শশী তারুর’ হিসেবে পরিচিতি এই নেতা দীর্ঘ দিন ধরে ধারাবাহিক ভাবে দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করছিলেন। আসন বণ্টনে অনিয়ম ও তাঁকে বিভিন্ন ভাবে অপমানের প্রতিবাদ জানিয়ে অসমের ভারপ্রাপ্ত এআইসিসি নেতা জিতেন্দ্র সিংহকে চিঠি পাঠিয়ে দল ছাড়ার হুমকিও দিয়েছিলেন। এর পরে কংগ্রেসে থাকাকালীন দীর্ঘ দিনের সহকর্মী তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত তাঁকে দলে স্বাগত জানিয়ে বলেছিলেন, প্রদ্যোৎদা এলে তাঁর দল আসন বরাদ্দ রাখবে।

প্রদ্যোৎ মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অনেক অপমান সহ্য করেছি। আর নয়।’’ এর পর দলের সব পদ ও কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে চিঠি পাঠিয়ে দেন তিনি। ঘটনাচক্রে, অসমের প্রাক্তন মন্ত্রী প্রদ্যোৎ ছিলেন বিধানসভা ভোটে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার কমিটির চেয়ারম্যান। প্রদ্যোতের পুত্র প্রতীক বরদলৈকে ইতিমধ্যেই মার্গারিটা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। বিজেপি সূত্রের খবর, প্রদ্যোৎ দিসপুর বা মধ্য গুয়াহাটি আসনে লড়তে পারেন। সে ক্ষেত্রে প্রার্থী বদল করতে পারে কংগ্রেস। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে হিমন্তের উপস্থিতিতেই ভূপেন-সহ কংগ্রেসের প্রায় এক ডজন নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপিতে প্রদ্যোতের যোগদানের পরে বুধবার হিমন্ত বলেন, ‘‘ওঁর মতো একজন সিনিয়র নেতাকে পাশে পাওয়ায় আমাদের দল আরও শক্তিশালী হবে।’’

Advertisement
আরও পড়ুন