Assam Assembly Election 2026

বিজেপিতে যোগ দিচ্ছেন ভূপেন! বাড়িতে গিয়ে সাক্ষাতের পরে জানিয়ে দিলেন হিমন্ত, ঘোষণা করলেন যোগদানের দিন

হিমন্ত জানান, অসম বিজেপির সভাপতি দিলীপ সাইকিয়া কথা বলবেন ভূপেনের সঙ্গে। কবে তিনি বিজেপিতে যোগ দেবেন, তা চূড়ান্ত হবে সেই বৈঠকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯
(বাঁ দিকে) গৌরব গগৈয়ের সঙ্গে ভূপেন বরা (ডান দিকে)।

(বাঁ দিকে) গৌরব গগৈয়ের সঙ্গে ভূপেন বরা (ডান দিকে)। — ফাইল চিত্র।

অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা বিজেপিতে যোগ দেবেন। মঙ্গলবার গুয়াহাটিতে তাঁর বাড়ি গিয়ে সাক্ষাতের পরে জানালেন ভোটমুখী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবারই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন ভূপেন। এখনও তা গৃহীত হয়নি। শীর্ষ নেতৃত্ব ইস্তফা ফিরিয়ে নেওয়ার জন্য তাঁর সঙ্গে কথা বলছেন বলে খবর। ভূপেন নিজেও জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন। এর মধ্যেই মঙ্গলবার হিমন্ত দাবি করে বসলেন যে, ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন।

Advertisement

মঙ্গলবার হিমন্তকে আরতি করে বাড়িতে অভ্যর্থনা জানান ভূপেনের স্ত্রী এবং পুত্র। সাক্ষাতের পরে হিমন্ত জানান, অসম বিজেপির সভাপতি দিলীপ সাইকিয়া কথা বলবেন ভূপেনের সঙ্গে। কবে বিজেপিতে যোগ দেবেন, তা চূড়ান্ত হবে সেই বৈঠকে। হিমন্তের আরও দাবি, ভূপেন বিজেপিতে যোগ দিলে স্পষ্ট হয়ে যাবে যে, কংগ্রেস আদতে হিন্দুদের জন্য নয়। তিনি এ-ও জানান, দীর্ঘ দিন কংগ্রেসে লড়াই করছিলেন ভূপেন। বিজেপিতে যোগ দিলে একটি জায়গা পাবেন তিনি। হিমন্তের মতে, ৩২ বছর কাজ করার পরে যে কারণে ভূপেনকে কংগ্রেস ছাড়তে হচ্ছে, তা বিবেচনা করে দেখা উচিত শীর্ষ নেতৃত্বের। প্রসঙ্গত, কংগ্রেস ছেড়েই হিমন্ত বিজেপিতে যোগ দিয়েছিলেন।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন ভূপেন। গত জুন মাসে তাঁকে সরিয়ে প্রয়াত তরুণ গগৈয়ের পুত্র তথা লোকসভায় কংগ্রেসের উপ দলনেতা গৌরব গগৈকে প্রদেশ সভাপতি করা হয়। কী কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তা সবিস্তার জানাননি ভূপেন। ভূপেন বলেন, ‘উপযুক্ত সময়ে’ সাংবাদিকদের ডেকে তিনি সব তথ্য জানাবেন। তবে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই দাবি করে, খড়্গেকে লেখা চিঠিতে ভূপেন অভিযোগ করেছেন যে, দলে তিনি অবহেলিত হচ্ছিলেন।

তার পরেই হিমন্ত আসরে নামেন। ভূপেন বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা উস্কে দেন। এ বার ভূপেনের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে তাঁর বিজেপিতে যোগদানের তারিখও ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী।

Advertisement
আরও পড়ুন