90 Degree Railway Bridge

নতুন নকশায় তৈরি হবে ভোপালের সেই বিতর্কিত ৯০ ডিগ্রি সেতু, তার পরেই চালু হবে জনসাধারণের জন্য

প্রায় ১০ মাস ধরে সেতুটি ওই একই অবস্থায় পড়ে রয়েছে। তবে সম্প্রতি ওই সেতু নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। জানা গিয়েছে, সেই বৈঠকে পূর্ত দফতর এবং রেল ওই সেতু পুনর্নির্মাণের বিষয়ে সহমত হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০০:৫৮
Bhopal\\\'s 90-degree bridge to be redesigned

ভোপালের সেই বিতর্কিত ৯০ ডিগ্রি সেতু। — ফাইল চিত্র।

মধ্যপ্রদেশের ভোপালে ৯০ ডিগ্রির রেলসেতু সকলের নজর কেড়েছিল। তা নিয়ে বিতর্ক কম হয়নি। বিতর্কের কারণে সেতুটি তৈরি হলেও চালু করা সম্ভব হয়নি। অবশেষে সেই সেতু চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তার আগে সেতুটির নকশা নতুন করা হবে। সেই নকশা মেনে হবে পুনর্নির্মাণও। তার পরেই জনসাধারণের জন্য চালু হবে সেতুটি।

Advertisement

প্রায় ১০ মাস ধরে সেতুটি ওই একই অবস্থায় পড়ে রয়েছে। তবে সম্প্রতি ওই সেতু নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়। জানা গিয়েছে, সেই বৈঠকে পূর্ত দফতর এবং রেল ওই সেতু পুনর্নির্মাণের বিষয়ে সহমত হয়েছে। অপেক্ষা এ বার শুধু কাজ শুরুর।

উল্লেখ্য, মহামই কা বাগ এবং পুষ্পনগরের মধ্যে যোগাযোগ মসৃণ করতে নিউ ভোপালের স্টেশন সংলগ্ন এলাকায় এই রেলসেতুটি তৈরি করা হয়। ১৮ কোটি টাকা ব্যয়ে সেই রেলসেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুটি তৈরির পর থেকেই বিতর্কে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উদ্বোধনের আগে কিছু গাড়ি ওই সেতুর ৯০ ডিগ্রির বাঁক অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ৯০ ডিগ্রির সেতু নিয়ে যখন চার দিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব। এই নির্মাণকাজের সঙ্গে জড়িত আট ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়।

সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, বাঁকটি ব্যাসার্ধ ২ মিটার থেকে বাড়িয়ে প্রায় আড়াই মিটার করা হবে। সেতুটি প্রস্থ বর্তমানে সাড়ে আট মিটার। সেটি বাড়িয়ে সাড়ে ১০ থেকে ১১ মিটারের মধ্যে করা হবে জানানো হয়েছে। প্রশাসনিক কর্তাদের মতে, এর ফলে শুধু ছোট গাড়ি নয়, মাঝারি এবং ভারী যানবাহনও নিরাপদে ওই সেতু দিয়ে চলাচল করতে পারবে। মনে করা হচ্ছে, চার-পাঁচ দিনের মধ্যেই নতুন করে নকশা তৈরির কাজ শুরু হবে। তবে যে সংস্থা এই সেতুটি তৈরি করেছিল, তাদেরই পুনরায় নতুন নকশা মেনে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন