ভাঙল ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওসাদ সিদ্দিকির গাড়ির কাচ। ছবি: সংগৃহীত।
ভোটের মুখে ভাঙড়ের আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির গাড়িতে হামলা। ভাঙল কাচ। অভিযোগে তির তৃণমূলের দিকে। তবে এই হামলার ঘটনায় কেউ জখম হননি। জানা গিয়েছে, যখন এই ঘটনা ঘটে, তখন গাড়িতে ছিলেন না ভাঙড়ের বিদায়ী বিধায়ক।
আইএসএফ সূত্রে দাবি, শনিবার সন্ধ্যায় ভাঙড়ের ব্যাওতা-১ অঞ্চলে দলীয় প্রচার কর্মসূচি ছিল নওশাদের। সেখানেই বিধায়কের গাড়িতে হামলা হয়। গাড়িটি দাঁড় করানো ছিল। অভিযোগ, আচমকা কেউ বা কারা সেই গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন। ইট লাগে গাড়ির পিছনের দিকের কাচে। ইটের ঘায়ে কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
নওশাদের নিরাপত্তারক্ষীরা প্রথমে বিষয়টি দেখেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। খবর দেওয়া হয় পুলিশকে। কে বা কারা, এই হামলার নেপথ্যে, তা এখনও স্পষ্ট নয়। তবে আইএসএফের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। নওশাদের অভিযোগ, ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল ভাঙতে এমন ভাবে হামলা চালানো হচ্ছে। ভোটের সময় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে ভাঙড়ে। তবে এ ভাবে আইএসএফ কর্মীদের বা তাঁকে আটকানো যাবে না বলে দাবি তাঁর। যদিও আইএসএফের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের দলের সঙ্গে এই হামলার কোনও সম্পর্ক নেই।