H5N1 Outbreak in Chennai

শয়ে শয়ে কাক মরছে চেন্নাইয়ে, শহর জুড়ে রাস্তায় ছড়িয়ে মরা পাখি! মড়কের নেপথ্যে বার্ড ফ্লু-ই, জানাল প্রশাসন

এইচ৫এন১ ভাইরাসের জন্য বার্ড ফ্লু হয়। সাধারণত এই ভাইরাসে পাখিরাই আক্রান্ত হয়। ভাইরাসে আক্রান্ত পাখির সংস্পর্শে এলে অন্য প্রাণীও এর দ্বারা সংক্রামিত হতে পারে। তবে মানুষের দেহে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

চেন্নাইয়ে বার্ড ফ্লু-এর প্রকোপ। শয়ে শয়ে কাক মরছে তামিলনাড়়ুর এই রাজধানী শহরে। শহরের রাস্তাঘাটে মরা পাখি ছড়িয়ে পড়ে থাকতেও দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করেছে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর। জৈবসুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন মেনে মরা পাখিগুলিকে পুড়িয়ে কিংবা মাটিতে পুঁতে দিতে বলা হয়েছে। শহরের পোলট্রি ফার্মগুলিতে কোনও পাখির মৃত্যু হলে একই নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে।

Advertisement

এইচ৫এন১ ভাইরাসের জন্য বার্ড ফ্লু হয়। সাধারণত এই ভাইরাসে পোলট্রি এবং কাকের মতো বন্য পাখিরাই আক্রান্ত হয়। পাখিদের মাধ্যমে ক্রমশ এই রোগ ছড়িয়ে পড়ে। ভাইরাসে আক্রান্ত পাখির সংস্পর্শে এলে অন্য প্রাণীও এর দ্বারা সংক্রামিত হতে পারে। তবে মানুষের দেহে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কম। প্রায় বিরলই বলা চলে। তবে কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাঁর নিউমোনিয়া, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যেতে পারে। শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতিও হতে পারে।

বার্ড ফ্লু-র প্রকোপ রুখতে সতর্ক তামিলনাড়ুর ডিএমকে সরকারও। ইতিমধ্যেই শহরবাসীকে মরা পাখি ছুঁতে নিষেধ করা হয়েছে। কোনও পাখির দেহ পড়ে থাকতে দেখলে স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যসচিবকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রক। কেন্দ্রের তরফে তামিলনাড়ু সরকারকে পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন