Nitin Nabin

বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা ছিল, স্পিকারকে অপেক্ষায় রেখেই জরুরি কাজে পটনা ত্যাগ নিতিন নবীনের

একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন বিহার বিধানসভার স্পিকার। কিন্তু রবিবার নিতিন পদত্যাগপত্র জমা দেবেন, এই খবর পেয়ে শনিবার সন্ধ্যায় বিহারে ফেরেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০০:৪৪
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। —ফাইল চিত্র।

সপ্তাহ দুয়েক আগে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই কারণে রবিবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের। সেই মতো তড়িঘড়ি দিল্লি থেকে বিহারে ফিরে এসেছিলেন সে রাজ্যের বিধানসভার স্পিকার প্রেম কুমারও। কিন্তু জরুরি কারণে অন্যত্র চলে যেতে হয় নিতিনকে। তাই স্পিকার অপেক্ষায় থাকলেও রবিবার বিধায়ক পদে ইস্তফা দিতে পারেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Advertisement

একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন বিহার বিধানসভার স্পিকার। কিন্তু রবিবার নিতিন পদত্যাগপত্র জমা দেবেন, এই খবর পেয়ে শনিবার সন্ধ্যায় বিহারে ফেরেন তিনি। স্পিকারের কথায়, "আমি দিল্লির ভারত মন্ডপমে একটু অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। বিজেপির রাজ্য (বিহার) সভাপতি সঞ্জয় সারাওগি টেলিফোন করে বললেন দলের জাতীয় সভাপতি রবিবার ইস্তফা দিতে চান। সেইমতো আমি বিমান ধরে ফিরে আসি।"

স্পিকার অবশ্য জানিয়েছেন, জরুরি কাজে বেরিয়ে যেতে হয় নিতিনকে। বিজেপি সূত্রে খবর, রবিবার বিহার থেকে ভোটমুখী রাজ্য অসমে গিয়েছেন তিনি। সেখান থেকে দিল্লি যেতে পারেন তিনি।

নিয়ম উল্লেখ করে স্পিকার জানিয়েছেন, রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার ১৪ দিনের মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। সেই হিসাবে সোমবারই পদত্যাগ করতে হবে বিহারের বাঁকিপুর কেন্দ্রের বিধায়ক নিতিনকে।

বিহার বিধানসভার স্পিকার জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পদত্যাগে ইচ্ছুক বিধায়ককে তাঁর কাছে সশরীরে উপস্থিত হতে হবে। এ ক্ষেত্রে ভার্চুয়ালি পদত্যাগপত্র জমা দেওয়ার সংস্থান নেই। নিতিনের সঙ্গেই রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি অবশ্য বিহারের বিধান পরিষদের সদস্য। তিনিও এখনও সেই পদ থেকে ইস্তফা দেননি।

Advertisement
আরও পড়ুন