NEET Aspirant Death

নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন! দেহরাদূনে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ, মিলল মা-বাবাকে লেখা সুইসাইড নোটও

দেহরাদূনের পটেলনগর এলাকায় চন্দ্রমণি কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন রিয়া। মঙ্গলবার সকালে বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে ঝুলছিল দেহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৪:১৭
রিয়া কুমারী থাপা। দেহরাদূনে বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

রিয়া কুমারী থাপা। দেহরাদূনে বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ছবি: সংগৃহীত।

উত্তরাখণ্ডের দেহরাদূনে উদ্ধার হল ২৩ বছর বয়সি এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম রিয়া কুমারী থাপা। গত কয়েক বছর ধরে ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা (নিট)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আগে বেশ কয়েক বার প্রবেশিকা পরীক্ষা দেন। কিন্তু সফল হননি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তরুণী। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। মা-বাবার উদ্দেশে তাতে লেখা রয়েছে, “আমি তোমাদের খুব ভালবাসি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”

Advertisement

দেহরাদূনের পটেলনগর এলাকায় চন্দ্রমণি কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন রিয়া। মঙ্গলবার সকালে বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে ঝুলছিল দেহ। ঘটনার খবর পেয়ে পুলিশ যায় রিয়ার বাড়িতে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া সুইসাইড নোটে বাবা-মায়ের উদ্দেশে কিছু কথা লেখা রয়েছে। তরুণী চিকিৎসক হওয়ার আশায় দীর্ঘদিন ধরে নিট-এর প্রস্তুতি নিচ্ছিলেন বলেও প্রাথমিক ভাবে জানতে পারে পুলিশ।

কী কারণে তরুণীর মৃত্যু হল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় থানার সার্কল অফিসার অঙ্কিত কাণ্ডারীর নেতৃত্বে পুলিশের একটি দল পরিবারের সঙ্গে কথা বলে। অনুসন্ধানে উঠে আসে, আগের বারের প্রবেশিকা পরীক্ষাগুলিতে সফল না হওয়ায় মানসিক চাপে ছিলেন তরুণী। হতাশাতেও ভুগছিলেন। সেই কারণেই তরুণী আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ। তবে ওই সুইসাইড নোটের পাশাপাশি অন্য পারিপার্শ্বিক বিষয়গুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তরুণীর দেহের ময়নাতদন্তের রিপোর্টে কী উঠে আসে, তার উপর তদন্তের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভর করবে বলেও মনে করছেন তাঁরা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, রিয়া দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছিলেন। নিজের স্কুলে প্রথম হয়েছিলেন তিনি। আগামী ২১ জুন নিট পরীক্ষা রয়েছে। সেটির জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন।

Advertisement
আরও পড়ুন