Shiv Sena Split Speculation

‘সাংসদ কিনতে ৫০ কোটি করে খরচ করছে বিজেপি, টোপ প্রাইভেট জেটেরও’! ভাঙনের জল্পনার মধ্যে দাবি উদ্ধবদের

উদ্ধব শিবিরে বিদ্রোহের জল্পনা উড়িয়ে দেননি সঞ্জয়। তাঁর অভিযোগ, তাঁদের দলের দুই সাংসদকে নান্দেড় বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা বিমান পাঠানো হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১১:৫৮
Uddhav Sena\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Sanjay Raut claim that 15 crores was being paid individually to buy MP

(বাঁ দিক থেকে) একনাথ শিন্দে, দেবেন্দ্র ফডণবীশ, উদ্ধব ঠাকরে। — ফাইল চিত্র।

উদ্ধব ঠাকরের শিবসেনার সাংসদদের ভাঙাতে কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে! এমনই অভিযোগ তুললেন উদ্ধব গোষ্ঠীর রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, সাংসদ কেনার জন্য প্রত্যেককে আলাদা করে ১৫ কোটি টাকা হচ্ছে। শুধু তা-ই নয়, প্রাইভেট জেটের প্রলোভনও রয়েছে বলে দাবি সঞ্জয়ের।

Advertisement

এক্স পোস্টে সঞ্জয়ের দাবি, ‘‘মহারাষ্ট্রের সাংসদদের কেনার জন্য প্রত্যেককে ১৫ কোটি টাকা করে অগ্রিম দেওয়া হচ্ছে। এই তথ্য মর্মান্তিক এবং জঘন্য।’’ একই সঙ্গে প্রাইভেট জেট দেওয়ার অভিযোগ তুলেছেন সঞ্জয়। যদিও তাঁর দাবি, উদ্ধবগোষ্ঠী একত্রিতই রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য রয়েছে তাঁদের, মনে করছেন সঞ্জয়। শুধু তা-ই নয়, দলীয় ‘বিদ্রোহী’ সাংসদদের পৃথক দল গঠনের জল্পনাও উড়িয়ে দিয়েছেন তিনি। মনে করেন, বিদ্রোহী শিবির পর্যাপ্ত সংখ্যা পাবে না।

এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘‘উদ্ধব ঠাকরে প্রত্যেক সাংসদের জন্য কঠোর পরিশ্রম করেছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি টাকা দিয়ে সাংসদদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে। কিন্তু সফল হবে না। আমরা বালাসাহেব ঠাকরের আদর্শের একনিষ্ঠ অনুসারী।’’

উদ্ধব শিবিরে বিদ্রোহের জল্পনা উড়িয়ে দেননি সঞ্জয়। বুধবার সকালে তিনি আরও অভিযোগ করেন, তাঁদের দলের দুই সাংসদকে নান্দেড় বিমানবন্দর থেকে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা বিমান পাঠানো হয়েছিল। বিদ্রোহী সাংসদদের সঞ্জয়ের কটাক্ষ, ‘‘ওদের রিকশায় চড়ারও সামর্থ্য ছিল না। কিন্তু ঠাকরে নামটি তাঁদের ব্যক্তিগত বিমানে ভ্রমণের যোগ্য করে তুলেছে।’’

সোমবার দিল্লিতে উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় দেশমুখের সঙ্গে শিন্দেসেনার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদবের বৈঠক হয়। সেই বৈঠকের পর দল ভাঙনের জল্পনা বাড়ছে। রবিবার উদ্ধবের বাসভবন ‘মাতশ্রী’তে ডাকা বৈঠকে ছিলেন না সঞ্জয়। শুধু তিনি নন, আরও অনেকেই উদ্ধবের বাড়ির বৈঠকে অনুপস্থিত থাকার পরই ভাঙনের জল্পনা আরও বেড়েছে। ‘বিদ্রোহী’ সাংসদদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে উদ্ধব শিবিরে। দিল্লিতে তাদের সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, যে সব সাংসদ ওই বৈঠকে যোগ দেবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রের খবর, উদ্ধব শিবিরের অন্তত ছ’জন সাংসদ শিন্দেসেনার সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় রয়েছেন সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। সূত্রের আরও খবর, এই ‘বিদ্রোহী’ সাংসদেরা বুধবারই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে চিঠি দেবেন। বুধবার সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং তাঁর পুত্র শ্রীকান্তের সঙ্গে ‘বিদ্রোহী’ সাংসদদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল হয়। শোনা যাচ্ছে, আগে ওই সাংসদেরা ওম বিড়লার সঙ্গে দেখা করবেন। তার পরে একনাথদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন