(বাঁ দিকে) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
আজ সন্ধ্যায় মুম্বইয়ে পা দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী ২ মার্চ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর শীর্ষ এবং প্রতিনিধি দল স্তরের বৈঠক।
কূটনৈতিক সূত্রের বক্তব্য, কার্নির সফরের লক্ষ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন এবং বাণিজ্য বৃদ্ধি করা। আমেরিকার সঙ্গে টানাপড়েনের ফলে যে সঙ্কট তৈরি হয়েছে তার মোকাবিলা করতে ভারত, চিন এবং পূর্ব এশিয়ার দেশগুলির সাথে সম্পর্ক আরও গভীর করা তাঁর লক্ষ্য। পাশাপাশি কোয়াডভুক্ত অন্য দু’টি দেশ অস্ট্রেলিয়া এবং জাপানেও যাবেন তিনি। বার্তা স্পষ্ট, আমেরিকাকে কিছুটা অগ্রাহ্য করেই কোয়াড রাষ্ট্রগুলির কাছে পৌঁছতে চাইছেন কানাডারনতুন প্রধানমন্ত্রী।
এই সফর ভারত এবং কানাডা সম্পর্কে মাইলফলক বলেই মনে করছে কূটনৈতিক শিবির। গত কয়েক বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই তলানিতে পৌঁছে গিয়েছিল যে তাকে উদ্ধার করা কার্যত অসম্ভব বলে মনে হয়েছিল। সেই সমস্যা থেকে বেরিয়ে এসে এই সফরে বিরল খনিজের ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে চুক্তি হবে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, কার্নির দৃষ্টিভঙ্গি বাস্তববাদী। তাঁর চলতি সফর হাতেকলমে বাণিজ্য ও বিনিয়োগ কেন্দ্রিক হবে বলেই মনে করা হচ্ছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর, কানাডার সঙ্গেও একই ধরনের চুক্তির আশা তৈরি হয়েছে বলে দাবি করছে বিদেশ মন্ত্রক। ভারতীয় কর্তারা আগেই ইঙ্গিত দিয়েছেন যে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহ চুক্তি ছাড়াও জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে চুক্তি হবে।