মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা চলছে। শুক্রবার তার উপর ভোটাভুটি হওয়ার কথা লোকসভায়। তার ঠিক আগেই মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত পুরনো আইন কার্যকর করে দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রক এই আইন কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই কার্যকর হয়ে যাচ্ছে ১০৬তম সংবিধান সংশোধনী আইন।
২০২৩ সালের সেপ্টেম্বরে পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ সংক্রান্ত (১০৬তম সংবিধান সংশোধনী) বিল পাশ করিয়েছিল কেন্দ্র। সংসদের উভয় কক্ষে তা পাশ হওয়ার পরে ওই মাসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি মিলে যায় এবং তা আইনে পরিণত হয়। তবে আইন হয়ে গেলেও এত দিন তা কার্যকর করেনি কেন্দ্র। আইনের ১(২) ধারায় বলা আছে, কেন্দ্র গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে যে দিনটি স্থির করবে, সে দিন থেকেই এটি কার্যকর হবে। প্রায় আড়াই বছর ঝুলে থাকার পরে অবশেষে সেই আইন কার্যকর করল কেন্দ্র। ঘটনাচক্রে, এমন এক সময়ে পুরনো আইনটি কার্যকর করা হল, যখন মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলের উপর লোকসভায় আলোচনা শুরু হয়েছে।
আধিকারিক সূত্র উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, কোনও আইন যদি কার্যকরই না হয়, তবে তার প্রস্তাবিত সংশোধনী কী ভাবে বাস্তবায়িত হবে? এই কারণেই বৃহস্পতিবার থেকে আইনটি কার্যকর করা হয়েছে বলে ব্যাখ্যা করছেন ওই আধিকারিক। অপর এক আধিকারিকের মতে, এর নেপথ্যে ‘টেকনিক্যাল’ কারণ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি।
সংবিধানের ১০৬তম সংশোধনী আইন অনুযায়ী, লোকসভা এবং সকল বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে ২০২৩ সালের আইনটি এ-ও বলছে, এই সংরক্ষণ তাৎক্ষণিক ভাবে কার্যকর হবে না। জনগণনার পরে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া হয়ে গেলে তার পরে এই সংরক্ষণ ব্যবস্থা কার্যকর হবে। অর্থাৎ, মহিলাদের জন্য এই সংরক্ষণ চালু হত নতুন জনগণনার ভিত্তিতে হওয়া আসন পুনর্বিন্যাসের মাধ্যমেই।
কিন্তু এরই মধ্যে মহিলা সংরক্ষণ সংক্রান্ত নতুন সংশোধনী আনতে সংসদের তিন দিনের বিশেষ অধিবেশন ডাকে কেন্দ্র। এই অধিবেশনে তিনটি বিল পাশ করাতে চাইছে কেন্দ্র। সেগুলি হল— মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধির জন্য ১৩১তম সংবিধান সংশোধনী বিল, পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। তিনটি বিলই বৃহস্পতিবার লোকসভায় পেশ হয়েছে।
বিরোধী দলগুলি মহিলা সংরক্ষণের বিরোধিতা না করলেও লোকসভার আসনবৃদ্ধির ‘উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন তুলেছে। এ অবস্থায় শুক্রবার তিনটি বিলের উপর ভোটাভুটি হবে লোকসভায়। তার মধ্যে একটি সংবিধান সংশোধনী বিল। সেটি পাশ হওয়ার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। পাটিগণিতের হিসাবে, সেই সংখ্যাগরিষ্ঠ সমর্থন বর্তমানে সরকার পক্ষের হাতে নেই। ঠিক এমনই সময়ে মহিলা সংরক্ষণ সংক্রান্ত ২০২৩ সালের আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।