Delhi Gymkhana Club

দিল্লি জিমখানা ক্লাব: ৫ জুন জোর করে জমি দখল করা হবে না, দিল্লি হাই কোর্টে জানাল কেন্দ্র

দিল্লির ২, সফদরজঙ রোডের ওই জমি আদতে ইজারা দেওয়া হয়েছিল ইম্পেরিয়াল দিল্লি জিমখানা ক্লাব লিমিটেডকে। এখন তা হয়েছে দিল্লি জিমখানা ক্লাব। সামাজিক মেলামেশা, খেলাধুলার জন্যই সেই জমি দেওয়া হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৬:২৩
দিল্লি জিমখানা ক্লাবকে কেন্দ্রের নোটিস সংক্রান্ত মামলা।

দিল্লি জিমখানা ক্লাবকে কেন্দ্রের নোটিস সংক্রান্ত মামলা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিল্লির জিমখানা ক্লাবে ৫ জুন উচ্ছেদ করা হবে না। মঙ্গলবার দিল্লি হাই কোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, কোনও ধরনের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হওয়ার আগে যথাযথ নোটিস দেওয়া হবে। এ কথা শোনার পরে আদালত জানিয়েছে, আপাতত এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার দরকার নেই।

Advertisement

আগামী ৫ জুনের মধ্যে লুটিয়েন্স দিল্লির ২৭.৩ একর জমি ছেড়ে দেওয়ার জন্য দিল্লির জিমখানা ক্লাবকে নোটিস পাঠিয়েছে কেন্দ্র। গত ২২ মে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। তার বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হন ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার বিচারপতি অবনীশ ঝিঙ্গানের বেঞ্চে শুনানি হয় মামলার। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আগামী ৫ জুন দিল্লি জিমখানা ক্লাবের জমি জোর করে নিয়ে নেবে না কেন্দ্রীয় সরকার। এজলাসে তিনি জানান, ক্লাবকে ওই জমি অনির্দিষ্ট কালের জন্য ইজারায় দেওয়া হয়েছিল। সেটি বাতিল করার বিষয়টি জানিয়েই ক্লাবকে নোটিস দেওয়া দেওয়া হয় গত ২২ মে।

সলিসিটর জেনারেল হাই কোর্টে এ-ও জানান, ওই জমি থেকে উচ্ছেদের কোনও প্রক্রিয়া শুরু হলে, আইন মেনেই তা করা হবে। যথাযথ আইনি নোটিস দিয়েই সেই পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

উল্লেখ্য, দিল্লির ২, সফদরজঙ রোডের ওই জমি আদতে ইজারা দেওয়া হয়েছিল ইম্পেরিয়াল দিল্লি জিমখানা ক্লাব লিমিটেডকে। এখন তা হয়েছে দিল্লি জিমখানা ক্লাব। সামাজিক মেলামেশা, খেলাধুলার জন্যই সেই জমি দেওয়া হয়েছিল। এখন জনস্বার্থ এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পের কারণে সেই জমির প্রয়োজন হয়েছে বলে গত ২২ মে ক্লাব কর্তৃপক্ষকে পাঠানো নোটিসে জানায় কেন্দ্র। তবে মঙ্গলবার কেন্দ্রের বক্তব্য শোনার পরে আদালত জানায়, এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।

Advertisement
আরও পড়ুন