(বাঁ দিকে) ত্বিশা শর্মা। (ডান দিকে) ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংহ। ফাইল চিত্র।
ভোপালের তরুণী ত্বিশা শর্মার মৃত্যুতে নতুন করে এফআইআর করল সিবিআই। সোমবারই এই মামলার তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। সূত্রের খবর, সিবিআই যে এফআইআর করেছে সেখানে উল্লেখ করা হয়েছে যে, ছেলের বিয়ের পণ হিসাবে দু’লক্ষ টাকা ত্বিশার পরিবারের কাছে দাবি করেছিলেন শাশুড়ি গিরিবালা সিংহ। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ত্বিশার পরিবার সেই দাবি মেনে টাকা দিতেও সম্মত হয়েছিল।
এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে, বিয়ের পর পরই স্বামী সমর্থ এবং শাশুড়ি গিরিবালা পণের জন্য ত্বিশাকে চাপ দেওয়া শুরু করেন বলে অভিযোগ। সেই সময় গিরিবালারা দাবি করেন, বিয়েতে যে খরচ করে ত্বিশার পরিবার তা তাঁদের ‘স্টেটাসের’ সঙ্গে মানানসই ছিল না। আরও অভিযোগ, ত্বিশার উপর সেই টাকা আদায়ের জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে যে, ত্বিশা যখন এক মাসের অন্তঃসত্ত্বা সেই সময় তাঁর স্বামী এবং শাশুড়ি গর্ভপাত করানোর জন্য চাপ দেন। সেই সময় এই অভিযোগও তোলা হয় যে, ত্বিশার গর্ভের সন্তান সমর্থের নয়, ‘অন্য কারও’।
ত্বিশার শাশুড়ির অভিযোগ, মাদকাসক্ত ছিলেন তাঁর পুত্রবধূ। তাঁর আচরণ স্বাভাবিক ছিল না। আর সেই কারণেই তার মৃত্য হয়েছে বলে দাবি করেন। কিন্তু মে-র প্রথম সপ্তাহে ত্বিশাকে মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন শ্বশুরবাড়ির লোকেরা। তার পরই তিনি গর্ভপাত করান। এমনই উল্লেখ করা হয়েছে এফআইআরে। প্রতিবেদন অনুযায়ী এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ১২ মে মৃত্যুর আগে ত্বিশা বাপেরবাড়ির লোকেদের সঙ্গে একাধিক বার ফোনে কথা বলেছিলেন। এফআইআরে এটাও উল্লেখ করা হয় যে, বিয়ের পর থেকে ক্রমাগত শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন ত্বিশা।