House Wife Trains Robot

ঘণ্টায় ২৫০ টাকা, এআই রোবটকে গৃহকর্মের প্রশিক্ষণ চেন্নাইয়ের বধূর

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট বা ছবি তৈরির এই সব মাধ্যম প্রচুর পরিমাণে ডিজিটাল তথ্য বিশ্লেষণে সক্ষম। তবে বাস্তব ক্ষেত্রে এআই রোবটকে চালনা করার বিষয়টি বেশ কঠিন বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৯:২৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রান্নাঘরে বাসন মাজা থেকে আম কাটা— গৃহস্থালির এই রকমই নানা কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত রোবটকে প্রশিক্ষণ দিচ্ছেন তামিলনাড়ুর চেন্নাইয়ের এক গৃহবধূ। বছর ২৫-এর নাগিরেড্ডি শ্রীরাম্যাচন্দ্র মাথায় স্মার্টফোন বেধে এআই-রোবটকে প্রশিক্ষণ দেওয়ার সেই ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

এক ঘণ্টার এই প্রশিক্ষণ ভিডিয়ো বানিয়ে প্রায় ২৫০ টাকা রোজগার হয় নাগিরেড্ডির। তাঁর কথায়, “এক ঘণ্টা শুধুমাত্র ঘরের কাজ করে ২৫০ টাকা আপনাকে আর কে দেবে?” ভবিষ্যতে হয়তো তিনি একটি রোবট কিনে ফেলতে পারেন এবং তাকে দিয়েই গৃহস্থালির কাজ করাতে পারেন বলেও জানিয়েছে ওই মহিলা।

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট বা ছবি তৈরির এই সব মাধ্যম প্রচুর পরিমাণে ডিজিটাল তথ্য বিশ্লেষণে সক্ষম। তবে বাস্তব ক্ষেত্রে এআই রোবটকে চালনা করার বিষয়টি বেশ কঠিন বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

কৃত্তিম বুদ্ধিমত্তা পরিচালিত রোবটগুলিকে বাস্তবে মানুষের মতো চলাফেরা এবং কাজ করার মতো প্রশিক্ষণ দিতে ভারতে এখন হাজার হাজার প্রশিক্ষক তৈরি হচ্ছেন। আর সেই প্রশিক্ষকদের মধ্যে এক জন হলেন চেন্নাইয়ের ওই গৃহবধূ। গৃহস্থালির কাজ করতে সক্ষম এআই রোবট তৈরির জন্য চেষ্টা করছেন, এমন প্রযুক্তিবিদদের কাছে এই ধরনের ‘ইগোসেন্ট্রিক ডেটা’-র চাহিদা ক্রমেই বেড়ে চলেছে।

তবে শুধুই গৃহস্থালির কাজের প্রশিক্ষণ নয়, এর পাশাপাশি কলকারখানা কিংবা বিশেষ স্টুডিয়োতে কাজ করার প্রশিক্ষণ দেওয়ার ভিডিয়োও বানাচ্ছেন অনেকে। এই কাজের জন্য ভিডিয়ো চশমা, মাথায় আটকানো ক্যামেরা ও ‘মোশন সেন্সর’ ব্যবহার করে থাকেন এই প্রশিক্ষকেরা।

আরও পড়ুন