Opium Cultivation

দেড় একর জমিতে আফিম চাষ! ছত্তীসগঢ়ে বিজেপির কিসান মোর্চার নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতেই সাসপেন্ড করল দল

তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খণ্ডন করেছেন বিজেপি নেতা তাম্রকর। পাল্টা দাবি করেছেন, যে জমিতে আফিম চাষ হচ্ছিল, সেটি তাঁর নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:৪৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এক বিজেপি নেতার খামারবাড়িতে আফিম চাষের অভিযোগকে কেন্দ্র করে রাজনীতির ময়দান সরগরম ছত্তীসগঢ়ের দুর্গে। বিজেপির কিসান মোর্চার নেতা বিনয় তাম্রকরের বিরুদ্ধে দেড় একর জমিতে লুকিয়ে আফিম চাষের অভিযোগ ওঠে। এই খবর প্রকাশ্যে আসতেই ওই বিজেপি নেতাকে সাসপেন্ড করেছে দল।

Advertisement

জানা গিয়েছে, তাম্রকর স্থানীয় বিজেপি নেতা এবং রাজ্য বিজেপির কিসান মোর্চার আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে যে, বিজেপি নেতা গোপনে তাঁর চাষের জমিতে আফিম চাষ করছেন। সেই অভিযোগ পেতেই তল্লাশি অভিযানে যায় পুলিশের একটি দল। বিজেপি নেতার খামারবাড়িতে তল্লাশি চালানোর সময় আফিম চাষের বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় তাম্রকর-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

বিজেপি নেতার বিরুদ্ধে বেআইনি ভাবে আফিম চাষের অভিযোগ উঠতেই বিরোধীরা আক্রমণে নেমে পড়েন। বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জোরালো হতে থাকে। তদন্তকারীরা জানিয়েছেন, আফিম চাষের জন্য জমি লিজ় দিয়েছিলেন বিজেপি নেতা। তার পর সেখানে গোপনে আফিম চাষ শুরু হয়। দলীয় নেতার বিরুদ্ধে আফিম চাষের অভিযোগ ওঠায় রাজ্য বিজেপির সভাপতি কিরণ দেও সিংহ দল থেকে সাসপেন্ড করেন তাম্রকরকে। তাঁর দাবি, এই ধরনের কাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তাম্রকর যা করেছেন, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আর সে কারণেই তাঁকে দল থেকে নিলম্বিত করা হল। যদিও তাম্রকর তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খণ্ডন করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন, যে জমিতে আফিম চাষ হচ্ছিল, সেটি তাঁর নয়। তবে এই ঘটনার পর থেকেই তাম্রকরের সঙ্গে দূরত্ব তৈরি করেছে দল।

Advertisement
আরও পড়ুন