Rajya Sabha Election

রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং: বিজেপি-কে ভোট দেওয়ার অভিযোগে ওড়িশার তিন বিধায়ককে বহিষ্কার কংগ্রেসের

সোমবার ওড়িশার চারটি রাজ্যসভা আসনে নির্বাচন ছিল। সেই নির্বাচনে ‘ক্রস ভোটিং’ হল। তিনটি আসন নিয়ে কোনও সমস্যা ছিল না। গোল বাধে চতুর্থ আসন নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:৫৩
Congress expels three Odisha MLAs for voting for BJP in Rajya Sabha elections

—প্রতীকী ছবি।

দলের বিরুদ্ধে গিয়ে রাজ্যসভা নির্বাচনে ওড়িশার বিজেপি-সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। সেই তিন বিধায়ক হলেন দাশরথি গোমাঙ্গ, রমেশ জেনা এবং সোফিয়া ফিরদৌস। তাঁদের বহিষ্কার করে কংগ্রেস জানিয়েছে, যাঁরা ‘বিশ্বাসঘাতকতা’ করবেন, তাঁদের জায়গা নেই দলে।

Advertisement

সোমবার ওড়িশার চার রাজ্যসভা আসনে ভোট ছিল। সেই নির্বাচনে ‘ক্রস ভোটিং’ হয়। তিনটি আসন নিয়ে কোনও সমস্যা ছিল না। গোল বাধে চতুর্থ আসন নিয়ে। এই আসনে বিজেপির জয় আটকাতে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেছিল ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডি। দুই দলের ঐকমত্যের ভিত্তিতে এই চতুর্থ আসনে প্রার্থী করেছিল ওড়িশার বিশিষ্ট চিকিৎসক দত্তেশ্বর হোতাকে। বিজেপি প্রার্থী করেছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিল্পপতি দিলীপ রায়কে।

চতুর্থ ওই আসনে কোনও প্রার্থীই প্রয়োজনীয় প্রথম পছন্দের ভোট না পাওয়ায় দ্বিতীয় পছন্দের ভোটের গণনা করে ফলাফল নির্ধারিত হয়। দ্বিতীয় পছন্দের ভোটাভুটির সময়ই ‘ক্রস ভোটিং’ হয়। আর তাতেই দত্তেশ্বরকে হারিয়ে জিতে যান দিলীপ। ভোটের আগেই দল ভাঙার আশঙ্কায় ওড়িশায় কংগ্রেসের ১৪ জন বিধায়কের মধ্যে আট জনকে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছিল। সেখানকার এক রিসর্টে ‘ক্রস ভোটিংয়ের’ প্রলোভন দেখিয়ে এক কংগ্রেস বিধায়ককে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যসভা নির্বাচনের ভোটাভুটি। কংগ্রেস এবং বিজেডি আশা করেছিল, ‘ক্রস ভোটিং’ আটকানো সম্ভব হবে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। কংগ্রেস ছাড়াও বিজেপি প্রার্থীর হয়ে ভোট দেন বিজেডি-র আট বিধায়ক।

Advertisement
আরও পড়ুন