জয়রাম রমেশ। —ফাইল চিত্র।
নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের সঙ্গে মত বিনিময় বন্ধ রাখলেও, গত কাল আরএসএসের সহকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে উল্টো পথে হেঁটে দুই প্রতিবেশী দেশের মধ্যে আলাপ-আলোচনার পক্ষে সওয়াল করেছিলেন। যা নিয়ে আজ কটাক্ষ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, এ হল হোসবলের আমেরিকা সফরের প্রভাব। এ দিকে দু’দেশের মানুষের পরস্পরের মধ্যে যোগাযোগ বৃদ্ধিকে সমর্থন করেছেন প্রাক্তন সেনাপ্রধান এম এম নরবণে।
গত কাল একটি সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে আরএসএসের দ্বিতীয় শীর্ষ নেতা হোসবলে বলেছিলেন, আলোচনার দরজা একেবারে বন্ধ করা উচিত নয়। পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘যদি পাকিস্তান পুলওয়ামার মতো ঘটনা ঘটায়, তা হলে দেশের নিরাপত্তা ও আত্মসম্মান বজায় রেখে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করতে হবে। কিন্তু একই সঙ্গে আলোচনার রাস্তা একেবারে বন্ধ হওয়া উচিত নয়।’’ আজ আরএসএসের ওই শীর্ষ নেতাকে কটাক্ষ করে জয়রাম রমেশ বলেন, ‘‘সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন হোসবলে। মনে হচ্ছে, এই আমেরিকা সফর— যেখানে তাঁর এক সহকর্মী স্বীকার করেছেন যে, প্রধানমন্ত্রী মোদী আমেরিকার ইচ্ছানুযায়ীই কাজ করেছেন, তারই প্রভাব হোসবলে এবং আরএসএস উভয়ের উপরেই পড়ছে।’’ যদিও হোসবলের মতকে সমর্থন করেছেন প্রাক্তন সেনাপ্রধান নরবণে। তিনি বলেন, ‘‘দু’দেশের আমজনতার মূল সমস্যা হল ‘রোটি, কাপড়া ও মকান’। আমজনতার রাজনীতি নিয়ে কিছু করার নেই। যদি দু’দেশের আমজনতার মধ্যে বন্ধুত্ব হতে পারে, তা হলে দু’দেশের কেন হবে না!’’