Viral Video

কাশ্মীরে গাড়ির মধ্যে অসুস্থ প্রৌঢ়! দৌড়ে গেলেন ভারতীয় জওয়ানেরা, প্রাণ বাঁচালেন দেবদূতের মতো, ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, ঘটনাটি জম্মু এবং কাশ্মীরের বিজবেহারা এলাকার কাছে জম্মু-শ্রীনগর মহাসড়কে ঘটেছে। সেই সময় সিআরপিএফ-এর ৯০তম ব্যাটালিয়নের জওয়ানেরা ‘রুট ওপেনিং পার্টি’ (আরওপি) ডিউটিতে ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৯:০৭
Video shows CRPF jawans saved life of a man on Jammu–Srinagar National Highway

অসুস্থকে বাঁচাতে গেলেন সিআরপিএফ জওয়ানরা। ছবি: এক্স থেকে নেওয়া।

জম্মু-শ্রীনগর মহাসড়কে হৃদ্‌রোগে আক্রান্ত হলেন এক ব্যক্তি। প্রাণ বাঁচালেন সিআরপিএফ জওয়ানেরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

জম্মু এবং কাশ্মীরের স্পর্শকাতর এলাকায় মোতায়েন নিরাপত্তাবাহিনী প্রায়শই সন্ত্রাসবিরোধী অভিযান এবং নিরাপত্তা কর্তব্যের জন্য পরিচিত। তবে এ বার সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কর্মীরা এমন একটি কাজ করেছেন যা মানুষের মন জয় করে নিয়েছে। জম্মু-শ্রীনগর মহাসড়কে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত এক ব্যক্তির জন্য সিআরপিএফ কর্মীদের দ্রুত এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপ ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।

জানা গিয়েছে, ঘটনাটি জম্মু এবং কাশ্মীরের বিজবেহারা এলাকার কাছে জম্মু-শ্রীনগর মহাসড়কে ঘটেছে। সেই সময় সিআরপিএফ-এর ৯০তম ব্যাটালিয়নের জওয়ানেরা ‘রুট ওপেনিং পার্টি’ (আরওপি) ডিউটিতে ছিলেন। হঠাৎ করেই ওই জওয়ানেরা এক ব্যক্তিকে গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়তে দেখেন। দৌড়ে যান তাঁরা। চিকিৎসককেও খবর দেওয়া হয়। খবর, চিকিৎসাদলের জন্য অপেক্ষা না করেই সেনারা ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করেন ওই ব্যক্তিকে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। ওই ব্যক্তির অবস্থা যাতে আরও খারাপ না হয়, সে জন্যও নির্দিষ্ট পদক্ষেপ করেন সেনা জওয়ানেরা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়। চিকিৎসা সহায়তা না আসা পর্যন্ত ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল ছিল বলেও খবর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মাইক লিমা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর ওই জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। কুর্নিশও জানিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সবচেয়ে বেশি যা আমাকে মুগ্ধ করেছে তা হল, সৈন্যরা পুরো সময় শান্ত এবং পেশাদার ছিলেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটাই প্রকৃত মানবতা।’’

Advertisement
আরও পড়ুন