Mouni Roy Relationships

বলি অভিনেতা থেকে বাঙালি পরিচালকের ‘প্রেমিকা’! ব্যবসায়ী স্বামীর সঙ্গে চার বছরের সংসারে কি সত্যিই ভাঙন ধরল বাঙালি নায়িকার?

সোমবার রাত থেকে গুঞ্জন শোনা যায়, মৌনী রায় এবং তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার পরস্পরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন। দু’জনের অ্যাকাউন্ট থেকে বিয়ের সমস্ত ছবিও সরিয়ে দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:১২
০১ ১৫
Mouni Roy

চার বছর ধরে সম্পর্কের কথা গোপন রেখেছিলেন। ২০২২ সালে ধুমধাম করে দুবাইয়ের ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি সমাজমাধ্যমে পরস্পরকে আড়ি করেছেন তাঁরা। এমনকি, বিয়ের সমস্ত ছবি-ভিডিয়োও সরিয়ে দিয়েছেন। তবে কি চার বছরের সংসার ভেঙে বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন মৌনী?

০২ ১৫
Mouni Roy and Suraj Nambiar

২০২২ সালের জানুয়ারি গোয়ায় দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মৌনী। বাঙালি ও মলয়ালি— দুই রীতি মেনেই বিয়ে হয়েছিল তাঁদের। বিয়ের আসর থেকে নানা ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করেছিলেন দু’জনেই। সোমবার রাত থেকে গুঞ্জন শোনা যায়, মৌনী এবং সূরজ পরস্পরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন। দু’জনের অ্যাকাউন্ট থেকে বিয়ের সমস্ত ছবিও সরিয়ে দিয়েছেন। এমনকি, মৌনীর প্রিয় বান্ধবী দিশা পটানীও নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন সূরজকে। সমাজমাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলেছেন সূরজ। তা হলে কি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তাঁরা?

০৩ ১৫
Mouni Roy

দুই দশক আগে বিনোদনজগতে পথ চলা শুরু হয় মৌনীর। একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’র মাধ্যমে অভিনয়জীবন শুরু তাঁর। সেই ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি টেলিভিশনজগতে পরিচিতি গড়ে ওঠে মৌনীর। কেরিয়ারের পাশাপাশি সম্পর্ক নিয়েও আলোচনায় উঠে আসতে থাকে মৌনীর নাম।

Advertisement
০৪ ১৫
Mouni Roy and Pulkit Samrat

‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে বলি অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন মৌনী। দুই তারকাই এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় পা রেখেছিলেন। এই জুটির রসায়ন দর্শকের কাছে বিপুল প্রশংসা পেয়েছিল।

০৫ ১৫
Mouni Roy and Pulkit Samrat

ধারাবাহিকের শুটিং চলাকালীন পুলকিত এবং মৌনীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যেতে থাকে। একাংশের দাবি, তাঁরা পরস্পরকে ডেট করতেন। কিন্তু পরে দুই তারকাই এই রটনায় জল ঢেলে দেন। স্পষ্ট জানিয়েছিলেন যে, দু’জনের মধ্যে ভাল বন্ধুত্ব ছাড়া অন্য কোনও ধরনের সম্পর্ক নেই। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগলপন্তি’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় মৌনী এবং পুলকিতকে।

Advertisement
০৬ ১৫
Mouni Roy and Gaurav Chopra

অভিনয়ের পাশাপাশি মৌনী একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী। ২০০৮ সালে ‘জ়রা নাচকে দিখা’ নামের রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে বিজয়ী হন মৌনী। ২০০৯ সালে ‘পতি, পত্নী অউর উওহ্’ নামের একটি শোয়ে অংশ নিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই শোয়ে মৌনীর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন টেলি অভিনেতা গৌরব চোপড়া।

০৭ ১৫
Mouni Roy and Gaurav Chopra

জনশ্রুতি, গৌরবের সঙ্গে চার বছর ধরে সম্পর্কে ছিলেন মৌনী। এমনকি, তাঁদের বিয়ে হওয়ার কথাও ছিল। চার বছরের প্রেমের পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায়, ব্যক্তিগত কিছু মতপার্থক্যের কারণেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Advertisement
০৮ ১৫
Mouni Roy and Mohit Raina

‘দেবো কা দেব মহাদেব’ নামের হিন্দি ধারাবাহিকে সতীর চরিত্রে অভিনয় করেছিলেন মৌনী। তাঁর বিপরীতে মহাদেবের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মোহিত রায়না। ছোটপর্দায় সতী-মহাদেবের সম্পর্কের রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল যে, তাঁদের বাস্তবেও সম্পর্ক রয়েছে তা নিয়ে জলঘোলা হতে থাকে।

০৯ ১৫
Mouni Roy and Mohit Raina

টেলিপাড়ার জনশ্রুতি, মোহিত এবং মৌনী পরস্পরকে ডেট করছিলেন। কিন্তু এই প্রসঙ্গে দুই টেলি তারকা মুখে কুলুপ এঁটেছিলেন। শোনা যায়, ২০১৮ সালে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার কারণে সম্পর্ক ভেঙে যায়।

১০ ১৫
Mouni Roy

২০২২ সালের সেপ্টেম্বরে বাঙালি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্ব। এই ছবিতে রণবীর কপূর, অমিতাভ বচ্চন, আলিয়া ভট্টের মতো নামকরা বলি তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন মৌনী। পার্শ্বচরিত্রে হলেও তা চিত্রনাট্যের জন্য ছিল গুরুত্বপূর্ণ।

১১ ১৫
Mouni Roy and Ayan Mukerji

‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারের সময় পরিচালক অয়নের সঙ্গে প্রচুর নিজস্বী সমাজমাধ্যমে পোস্ট করতেন মৌনী। অয়নকে নিজের ‘প্রিয় বন্ধু’ হিসাবে সম্বোধন করতেন তিনি। কানাঘুষো, অয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মৌনীর। তবে, তাঁদের এই সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়েছিল কি না, তা কেবল জল্পনার পর্যায়েই থেকে যায়।

১২ ১৫
Mouni Roy and Suraj Nambiar

শোনা যায়, মৌনী এবং সূরজের প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালের নববর্ষের প্রাক্কালে দুবাইয়ের একটি নৈশক্লাবে। দীর্ঘ কাল বিদেশে থাকার কারণে সূরজ জানতেন না যে, মৌনী একজন অভিনেত্রী। প্রথম দেখাতেই বন্ধুত্ব হয়ে গিয়েছিল দু’জনের।

১৩ ১৫
Mouni Roy and Suraj Nambiar

পেশার সূত্রে সূরজ থাকতেন দুবাইয়ে এবং মৌনী মুম্বইয়ে। সুযোগ পেলেই দুবাই ঘুরতে যেতেন অভিনেত্রী। ভিন্ন শহরে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে। কোভিড অতিমারির সময় বহু দিনের জন্য দুবাইয়ে ছিলেন মৌনী। ভৌগোলিক দূরত্বের পাশাপাশি তাঁদের মানসিক দূরত্বও লাঘব হয়। প্রেমের সম্পর্কটিকে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

১৪ ১৫
Mouni Roy and Suraj Nambiar

চার-পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালে গোয়ায় সূরজকে বিয়ে করেন মৌনী। চার বছরের সংসারযাপনের পর তাঁরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন। একাংশের দাবি, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন সূরজ। আবার, মৌনীর অর্থ অসৎ উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগও উঠেছে সূরজের বিরুদ্ধে।

১৫ ১৫
Mouni Roy

এখনও পর্যন্ত বিবাহবিচ্ছেদ নিয়ে মৌনী অথবা সূরজ কেউই কোনও মন্তব্য করেননি। বুধবার ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘সকলকে বিনীত অনুরোধ, আপনারা ভুয়ো খবর ছড়াবেন না। দয়া করে আমাদের গোপনীয়তাকে মর্যাদা দিন।”

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি