মল্লিকার্জুন খড়্গে। —ফাইল চিত্র।
কর্নাটক থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। এ ছাড়াও কংগ্রেসের দুই প্রার্থী, এআইসিসির সম্পাদক মনসুর আলি খান ও মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারপার্সন পবন খেড়া এবং বিজেপির এম নাগরাজা এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কর্নাটক থেকে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন।
এর আগে ২০২০ সালের জুন মাসে কর্নাটক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন খড়্গে। তাঁর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস-এর প্রতিষ্ঠাতা-প্রধান এইচডি দেবগৌড়া এবং বিজেপির এরান্না কালাডি ও নারায়ণ কোরগাপ্পাও রাজ্যসভায় বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। আগামী ২৫ জুন তাঁদের মেয়াদ শেষ হচ্ছে। চারটি আসনে জন্য আগামী ১৮ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। এক নির্দল প্রার্থী-সহ মনোনয়ন জমা দিয়েছিলেন মোট পাঁচ জন।
বৃহস্পতিবার অসঙ্গতির কারণে নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার। ফলে কর্নাটকের শাসকদল কংগ্রেসের তিন এবং বিজেপির এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতির পাশাপাশি রাজ্যসভার বিরোধী দলনেতা পদেও রয়েছেন খড়্গে। ২০২২ সালে কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ে দলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে খড়্গে রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সনিয়ার কাছে। কিন্তু সনিয়া তাঁকে কাজ চালিয়ে যেতে নির্দেশ দেন।