—প্রতীকী চিত্র।
কেরলমের এক যুবক দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বন্ধুর বাড়ি বেড়াতে এসে গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন কেরলমের আলপ্পুঝার সাংসদ তথা এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল। এ বার কুলতলির ঘটনাস্থল, স্থানীয় সাঁকি জাহান গ্রামে গিয়ে বেণুগোপালকে ফোন করে পুরো ঘটনার কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার এলাকায় গিয়েছিল। প্রতিনিধি দলে ছিলেন দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, সুজিত পাটোয়ারি, তপন মণ্ডল, সুমন রায়চৌধুরী, প্রতাপ মণ্ডল প্রমুখ। শুভঙ্কর জানিয়েছেন, তাঁরাও বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে চিঠি লিখবেন। পাশাপাশি, থানায় গিয়ে পুরো ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব।