TVK Chief Vijay

বিজয়ের শপথে সবার আগে ‘বন্দে মাতরম্’

বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজয়কে একটি চিঠি লিখেছেন সিপিআই-এর রাজ্য সম্পাদক এম ভিরাপান্ডিয়ান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৯:০৮
বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজয়কে একটি চিঠি লিখেছেন সিপিআই-এর রাজ্য সম্পাদক এম ভিরাপান্ডিয়ান।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজয়কে একটি চিঠি লিখেছেন সিপিআই-এর রাজ্য সম্পাদক এম ভিরাপান্ডিয়ান।

অবশেষে সংখ্যাগরিষ্ঠতার যাবতীয় হিসেব-নিকেশ মিলিয়ে আজ সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন টিভিকে নেতা সি জোসেফ বিজয় ওরফে তলপতি বিজয়। এ দিন চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বসেছিল শপথ গ্রহণের আসর। কিন্তু এই শপথ ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। প্রচলিত নিয়ম অনুসারে, তামিলনাড়ুতে কোনও সরকারি অনুষ্ঠান শুরুর আগে বাজানো হয় রাজ্য সঙ্গীত— ‘তামিল থাই ভাঝথু’। হিসেবে অনুসারে এর পরেই বাজার কথা জাতীয় সঙ্গীতের। কিন্তু, এ দিনের বিজয়ের শপথ অনুষ্ঠানে প্রথমে বেজে ওঠে ‘বন্দে মাতরম্‌’-এর পুরো ছ’টি অনুচ্ছেদ। এর পর শুরু হয় জাতীয় সঙ্গীত। আর সব শেষে সাউন্ড-বক্সে বাজে তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত। আর যাবতীয় বিতর্কের সূত্রপাত এখানেই। ইতিমধ্যেই বিজয় এবং তাঁর দল টিভিকে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলে আসা রীতি ভাঙার অভিযোগ তুলেছে বামেরা। সরব ডিএমকে-ও।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজয়কে একটি চিঠি লিখেছেন সিপিআই-এর রাজ্য সম্পাদক এম ভিরাপান্ডিয়ান। এ ব্যাপারে নব-গঠিত তামিলনাড়ু সরকারের কাছে ব্যাখ্যাও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘কার কিংবা কাদের ভুলে এই ঘটনা ঘটেছে, মানুষকে তার ব্যাখ্যা রাজ্য সরকারকে দিতে হবে।’’ সেই সঙ্গে এমন ভুল রাজ্যের আর কোনও প্রশাসনিক তথা সরকারি অনুষ্ঠানে যেন না হয়, টিভিকে-র শীর্ষ কর্তাদের কাছে সেই আর্জিও রেখেছেন ভিরাপান্ডিয়ান।

তামিলনাড়ুর রাজ্য সঙ্গীতটি শপথ অনুষ্ঠানের শেষে বাজানোর প্রেক্ষিতে বিজয় এবং তাঁর দলের সমালোচনা করেছে ডিএমকে-ও। দলটির দাবি, রাজ্যের মানুষকে সম্মান দেখিয়ে সঙ্গীতটি প্রথমে বাজানো উচিত ছিল। বিতর্কের মাঝে বিজয়ের তরফে ব্যাখ্যা চেয়েছে টিভিকে-র সহযোগী দলগুলিও। যদিও রবিবার সন্ধ্যা নাগাদ এই বিষয়ে টিভিকে-র তরফে একটি বার্তা সামনে এসেছে। বিজয়ের দলের সাফাই— শপথ অনুষ্ঠানটি লোকভবনে অনুষ্ঠিত হয়েছিল এবং তাই ‘বন্দে মাতরম্‌’ রাজ্যপালের নির্দেশেই প্রথমে বাজানো হয়েছে। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ডিএমকে। দলের নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য টি.কে.এস এলাঙ্গোভানের কথায়, ‘‘এখানকার রীতি হল প্রথমে রাজ্য সঙ্গীত এবং শেষে জাতীয় সঙ্গীত বাজানো। ... কিন্তু মাননীয় রাজ্যপাল চাইছেন প্রথমে বন্দে মাতরম্‌ বাজানো হোক, পরে তামিল সঙ্গীত। বিষয়টি থেকে এটা প্রমাণিত হয় যে, বিজয় বিজেপির দিকে ঝুঁকছেন।’’

সংবাদ সংস্থা

আরও পড়ুন