Biker’s Death in Delhi

দিল্লির যুবকের মৃত্যু: ২০ ফুট গর্তে ছিটকে পড়তেই তাঁর উপর বাইক এসে পড়ে! নাকে, মুখে মাটি ঢুকে শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল

বাইক থেকে প্রথমে গর্তে ছিটকে পড়েন কমল। তার উপর এসে পড়ে বাইকটি। গর্তে মুখ থুবড়ে পড়ার কারণে কমলের নাকে, মুখে মাটি ঢুকে গিয়েছিল। ফলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮
Delhi man died of suffocation after fell into 20 feet pit, claims post mortem report

দিল্লি জল বোর্ডের পাইপলাইনের জন্য খুঁড়ে রাখা ২০ ফুট গভীর গর্তে পড়ে মৃত্যু হয় বাইক আরোহী কমল ধ্যানির (ইনসেটে)। —ফাইল চিত্র।

দিল্লির যুবকের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য উঠে এল। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বছর পঁচিশের যুবক কমল ধ্যানির। বাইক থেকে প্রথমে গর্তে ছিটকে পড়েন কমল। তার উপর এসে পড়ে বাইকটি। ফলে নড়াচড়ার কোনও উপায় ছিল না। শুধু তা-ই নয়, গর্তে মুখ থুবড়ে পড়ার কারণে কমলের নাকে, মুখে মাটি ঢুকে গিয়েছিল। ফলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কমলের বুকে প্রচন্ড চাপ পড়ার চিহ্ন মিলেছে। তা থেকে অনুমান করা হচ্ছে, কমলের বাইকটি তাঁর বুকের উপর পড়েছিল। ভারী বাইকের নীচে চাপা পড়ায় পাঁজর ক্ষতিগ্রস্ত হয়। ফলে শ্বাসপ্রশ্বাসেও ব্যাঘাত ঘটে। ময়নাতদন্তের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, কমলের ডান উরুতে পুড়ে যাওয়ার দাগ মিলেছে। সন্দেহ করা হচ্ছে, বাইকের গরম এগজস্ট পাইপের জেরে ওই ক্ষত হয়েছে। তবে মৃত্যুর সঠিক সময় স্পষ্ট হয়নি।

গত সপ্তাহে রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন কমল। বাড়িতে জানান, ১০ মিনিটের মধ্যে পৌঁছোবেন। কিন্তু তার পরেও বাড়ি না ফেরায় কমলের খোঁজ শুরু হয়। রাতভর তাঁর খোঁজ চালানোর পর অবশেষে পর দিন সকালে জনকপুরীর কাছে দিল্লি জল বোর্ডের পাইপলাইনের জন্য খুঁড়ে রাখা ২০ ফুট গভীর গর্তে কমলের দেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছে, গর্তে পড়ে যাওয়ার পরে এক শ্রমিক কমলকে দেখেও চলে যান। পরে তিনি ঠিকাদারকে জানিয়ে দায় সারেন। ঠিকাদার এসে ঘটনাস্থল ঘুরে চলে যান। কিন্তু কমলকে উদ্ধার করার কোনও ব্যবস্থাই করেননি বলে অভিযোগ। ইতিমধ্যে ওই ঠিকাদার এবং শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন