Delhi Triple Death Case

দিল্লিতে উড়ালপুলের উপর গাড়ি থেকে উদ্ধার মহিলা-সহ তিন জনের দেহ! নেই কোনও আঘাতের চিহ্ন, মৃত্যু ঘিরে রহস্য

মৃতদের তিন জনের কারও শরীরেই বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন নেই। তাঁদের সঙ্গে যে মূল্যবান জিনিসপত্র ছিল, সেগুলিও গাড়ির মধ্যেই পড়ে রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০১

— প্রতীকী চিত্র।

দিল্লিতে গাড়ির ভিতর থেকে উদ্ধার হল তিন জনের দেহ। পশ্চিম দিল্লির পীরাগঢ়ী উড়ালপুলের উপর দাঁড়িয়ে ছিল গাড়িটি। সেই গাড়ি থেকেই রবিবার উদ্ধার হয় এক মহিলা এবং দুই ব্যক্তির দেহ। কী ভাবে তাঁদের মৃত্যু হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকা হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদেরও।

Advertisement

দিল্লির অন্যতম ব্যস্ত উড়ালপুলগুলির মধ্যে একটি হল পীরাগঢ়ীর এই উড়ালপুল। সেখানে দীর্ঘ ক্ষণ গাড়িটি দাঁড়িয়ে ছিল। কোন দিক থেকে কখন গাড়িটি এসেছিল, তা প্রাথমিক ভাবে জানা যায়নি। পরে পুলিশের কাছে খবর যায়, উড়ালপুলের উপরে একটি গাড়ি অনেক ক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তখনই গাড়ির ভিতরে তিন জনের দেহ পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে পিটিআই জানাচ্ছে, নিহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন।

সূত্রের দাবি, মহিলা এবং অপর এক নিহতের বয়স ৪০ বছরের আশপাশে। তৃতীয় জনের বয়স ৬০ বছরের আশপাশে। কী ভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃতদের তিন জনের কারও শরীরেই বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন নেই। তাঁদের সঙ্গে যে মূল্যবান জিনিসপত্র ছিল, সেগুলিও গাড়ির মধ্যেই পড়ে রয়েছে। ফলে ডাকাতি বা চুরির চেষ্টায় খুনের সম্ভাবনাও প্রাথমিক ভাবে উড়িয়ে দিচ্ছে পুলিশ। তিন জন আত্মহত্যা করে থাকতে পারেন বলেই অনুমান পুলিশের।

একসঙ্গে তিন জনের এমন রহস্যজনক অবস্থায় মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনটি দেহই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। উড়ালপুলের ওই এলাকাটি পুলিশের গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। খবর দেওয়া হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদেরও। দিল্লি পুলিশের ফরেনসিক আধিকারিকদের একটি দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন