জাহানারা আলম। —ফাইল চিত্র।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্তে হতাশ জাহানারা আলম। সরাসরি ক্রিকেট বোর্ডকে নিশানা করেছেন তিনি। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হেনস্থা-সহ একাধিক অভিযোগ করেছিলেন জাহানারা। সেই বিষয়ে তদন্ত চলছে। তদন্তের প্রাথমিক রিপোর্টে খুশি নন জাহানারা।
গত বছর নভেম্বরে একটি সাক্ষাৎকারে জাহানারার করা অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয় বাংলাদেশের ক্রিকেটে। জাহানারার অভিযোগ, ২০২২ সালে মহিলাদের বিশ্বকাপ চলাকালীন তাঁকে যৌন হেনস্থা করেছিলেন মঞ্জুরুল। তাঁকে ভয়ও দেখিয়েছিলেন তিনি। সেই অভিযোগের পর জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের সমর্থনে মুখ খুলেছিলেন আরও কয়েক জন মহিলা ক্রিকেটার। পরিস্থিতি সামলাতে তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছিল বিসিবি। পরে আরও দু’জনকে কমিটিতে যুক্ত করা হয়। প্রথমে ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট দেওয়ার কথা বলে হলেও, পরে দু’বার সময় বাড়ানো হয়। বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন সেই কমিটি তদন্তের রিপোর্ট জমা দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে।
বিসিবির একটি বিবৃতিতে জানা গিয়েছে, জাহানারার চারটি অভিযোগ নিয়ে তদন্ত হয়েছে। তার মধ্যে দু’টি অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বাকি দু’টি অভিযোগের ক্ষেত্রে প্রাথমিক তদন্তে মঞ্জুরুলের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “স্বাধীন কমিটির তদন্তের পর ক্রিকেট বোর্ড তাদের আইনি দলকে বিষয়টি দেখতে বলেছে। হেনস্থার মতো ঘটনা কোনও ভাবে মেনে নেওয়া যায় না। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কড়া ব্যবস্থা নেবে।”
কিন্তু বোর্ডের এই পদক্ষেপে খুশি নন জাহানারা। রবিবার তাঁর আইনজীবী জানিয়েছেন, তদন্তে যা উঠে এসেছে তা খুব একটা সন্তোষজনক নয়। তদন্তের অগ্রগতি সম্পর্কে জাহানারাকে কিছু জানানো হয়নি। এমনকি, প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পর সেই রিপোর্টের কোনও প্রতিলিপিও তাঁকে দেওয়া হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাহানারার করা দু’টি অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। বাকি দু’টি নিয়ে তদন্ত হচ্ছে। কোন দু’টি অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি তা স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ জাহানারার আইনজীবীর। তাঁর অভিযোগ, যদি স্বচ্ছ ভাবে ঘটনার তদন্ত হত তা হলে সব বিষয়ে জাহানারাকে জানানো হত। কিন্তু তা হচ্ছে না। সেই কারণেই তাঁদের সন্দেহ বাড়ছে। বোর্ডের কাছে আরও স্বচ্ছতার দাবি করেছেন বাংলাদেশের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক।