ICC T20 World Cup 2026

দিল্লি পৌঁছে কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে সূর্যেরা, বিশ্বকাপের শুরুতে হোঁচট খেলেও সোমবার অনুশীলন করবে না ভারতীয় দল

বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে খেলা রয়েছে ভারতের। তার আগে রবিবার দিল্লি পৌঁছে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪১
cricket

গৌতম গম্ভীরের বাড়ি পৌঁছে বাস থেকে নামার আগে সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে কষ্ট করে আমেরিকাকে হারালেও ফুরফুরে মেজাজে ভারতীয় দল। বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে খেলা রয়েছে ভারতের। তার আগে রবিবার দিল্লি পৌঁছে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা। রবিবার রাতে প্রধান কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজে যায় ভারতীয় দল। জানা গিয়েছে, প্রথম ম্যাচে হোঁচট খেলেও সোমবার অনুশীলন করবে না ভারতীয় দল।

Advertisement

রবিবার দিল্লি পৌঁছে বাড়ি যান গম্ভীর। তবে দলের সঙ্গে নয়, আলাদা গাড়িতে বাড়ি পৌঁছোন তিনি। তার কিছু ক্ষণ পরে টিমবাসে চেপে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সেখানে যান। বিমানবন্দর থেকে সরাসরি কোচের বাড়ি যান তাঁরা। তাঁদের স্বাগত জানাতে দুই কন্যা আজ়িন ও আনাইজ়া এবং স্ত্রী নাতাশা জৈনকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন গম্ভীর। প্রথমে সহকারী কোচ ও সাপোর্ট স্টাফেরা গাড়ি থেকে নামেন। পরে দলের ক্রিকেটারেরাও একে একে গম্ভীরের বাড়িতে ঢোকেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছে সংবাদসংস্থা।

দলের প্রত্যেকে ছিলেন হাসিমুখে। অনেকে নাতাশার সঙ্গে হাত মেলান। কেউ নমস্কার করেন। গম্ভীরের দুই কন্যার সঙ্গেও কেউ কেউ খুনসুটি করেন। শুধু ক্রিকেটারেরা নন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লও গম্ভীরের রাজেন্দ্র নগরের বাড়িতে নৈশভোজে গিয়েছেন। আর একটি ভিডিয়োয় তা দেখা গিয়েছে।

আমেরিকার বিরুদ্ধে কষ্ট করে জিতলেও সোমবার অনুশীলন করবে না ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “সোমবার ছুটি। অনুশীলন নেই। সাংবাদিক বৈঠকও হবে না।”

রবিবার দিল্লিতে পৌঁছোলেও কেন সোমবার ভারতীয় ক্রিকেটারেরা অনুশীলন করবেন না? তারা কারণ অন্য। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচ রয়েছে। সোমবার সেখানে এই দুই দল অনুশীলন করবে। সেই কারণেই ভারতীয় দল সে দিন অনুশীলন করবে না। সোমবার সকালে অনুশীলন নামিবিয়ার। সন্ধ্যায় অনুশীলন করবে নেদারল্যান্ডস।

মঙ্গলবার নামিবিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ বেলা ১১টায়। বিকালের মধ্যে সেই খেলা হয়ে যাবে। ফলে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারতীয় দল অনুশীলন করবে বলে জানা গিয়েছে। বুধবার ম্যাচের আগের দিনও অনুশীলন করবে তারা। দু’দিনেই প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করছে ভারতীয় দল। সেই কারণে, সোমবার বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন