ED Raid AAP Minister's House

পঞ্জাবে আপ মন্ত্রীর বাড়িতে হানা ইডির! ২০টি গাড়ির কনভয় পৌঁছোয় সঞ্জীব অরোরার বাসভবনে, চার জায়গায় তল্লাশি

গত এপ্রিলেও মন্ত্রী অরোরার বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চলে। সূত্রের খবর, ওই সময় চণ্ডীগড় এবং দিল্লি-এনসিআরে মন্ত্রীর কয়েকটি ঠিকানায় তল্লাশি চলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৪:৩৪
আপ মন্ত্রী সঞ্জীব অরোরা। ফাইল চিত্র।

আপ মন্ত্রী সঞ্জীব অরোরা। ফাইল চিত্র।

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে শনিবার সকালে ইডির দল তল্লাশি অভিযানে যায়। মন্ত্রী এবং তাঁর কয়েক জন সহযোগীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় এই তল্লাশি অভিযান বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এক বছরের মধ্যে তিন বার ইডি হানা দেয় মন্ত্রীর বাসভবন-সহ বেশ কয়েকটি ঠিকানা। উল্লেখ্য, এক মাসের মধ্যে দু’বার তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। শনিবারও মন্ত্রীর বাসভবন-সহ চারটি ঠিকানায় তল্লাশি অভিযানে নেমেছে তদন্তকারী সংস্থাটি।

Advertisement

গত এপ্রিলেও মন্ত্রী অরোরার বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চলে। সূত্রের খবর, ওই সময় চণ্ডীগড় এবং দিল্লি-এনসিআরে মন্ত্রীর কয়েকটি ঠিকানায় তল্লাশি চলে। শনিবার ইডির তল্লাশি অভিযান প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘‘কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে বিজেপি। আজকেও সঞ্জীব অরোরার বাড়িতে বিজেপির ইডি অভিযানে নেমেছে। এক বছরের মধ্যে তৃতীয় বার অরোরার বাড়িতে ইডি এসেছে। কিন্তু তল্লাশি অভিযানে কোনও কিছুই পায়নি কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থাটি।’’

মুখ্যমন্ত্রী মান ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘ইডি এবং বিজেপি মিলে চক্রান্ত করে এই ধরনের কাজকর্ম করছে।’’ ২০২৪ সালে লুধিয়ানার (পশ্চিম) বিধায়কের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, ইডির দলটি দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ে শনিবার তল্লাশি অভিযান চালিয়েছে।

Advertisement
আরও পড়ুন