Jaahnavi Kandula Death Case

আমেরিকায় পুলিশের গাড়িতে চাপা পড়ে মৃত্যু! ভারতীয় ছাত্রীর পরিবার ২৬২ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে

পুলিশের গাড়ির ধাক্কায় প্রায় একশো ফুট দূরে ছিটকে পড়ে মারা যান অন্ধ্রপ্রদেশ থেকে আমেরিকায় স্নাতকোত্তর করতে যাওয়া জাহ্নবী। রাস্তার যে অংশ দুর্ঘটনাটি ঘটে, সেখানে গাড়ির সর্বোচ্চ গতি থাকার কথা ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কিন্তু পুলিশের গাড়িটি ১১৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৮
ভারতীয় তরুণী জাহ্নবী কান্দুলা। ২০২৩ সালে আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

ভারতীয় তরুণী জাহ্নবী কান্দুলা। ২০২৩ সালে আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। —ফাইল চিত্র।

পড়াশোনা করতে আমেরিকায় গিয়েছিলেন। সে দেশেই পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ভারতীয় তরুণী জাহ্নবী কান্দুলার। প্রায় তিন বছর পরে সেই মামলার নিষ্পত্তি হল। তরুণীর পরিবারকে ২.৯০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২৬২ কোটি টাকা) দেবে আমেরিকার স্থানীয় প্রশাসন।

Advertisement

ঘটনাটি ২০২৩ সালের। ওই বছরের জানুয়ারিতে আমেরিকার সিয়াটলে রাস্তা পার হওয়ার সময়ে পুলিশের গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয় জাহ্নবীর। রাস্তার যে অংশ দুর্ঘটনাটি ঘটে, সেখানে গাড়ির সর্বোচ্চ গতি থাকার কথা ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কিন্তু পুলিশের গাড়িটি ১১৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটছিল। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, ওই দিন অতিরিক্ত মাদক সেবন করে ফেলার এক ঘটনার কথা পুলিশ জানতে পেরেছিল। সেই খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছোনোর চেষ্টা করছিলেন স্থানীয় পুলিশ আধিকারিক কেভিন ডেন। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। এপি-র প্রতিবেদন অনুযায়ী, পুলিশ আধিকারিক সাইরেন এবং ইমার্জেন্সি আলো জ্বালিয়েই গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু এর মধ্যেই দুর্ঘটনাটি ঘটে যায়।

পুলিশের গাড়ির ধাক্কায় প্রায় একশো ফুট দূরে ছিটকে পড়ে মারা যান অন্ধ্রপ্রদেশ থেকে আমেরিকায় স্নাতকোত্তর করতে যাওয়া জাহ্নবী। জানা যায়, ওই দুর্ঘটনাটিকে প্রাথমিক ভাবে সিয়াটেল পুলিশ ‘লঘু’ করে দেখানোর চেষ্টা করেছিল। দুর্ঘটনার দায় ছাত্রীর উপরেই চাপিয়ে বলা হয়েছিল, পুলিশের গাড়িটি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতেই চালানো হচ্ছিল।

এমন অভিযোগও রয়েছে যে ওই দুর্ঘটনার পরে অফিসার বলেছিলেন, “যে ধাক্কা খেয়েছে, কোনও বিশেষ জন নয়, একেবারেই মামুলি আম আদমি। সাধারণ এক জন ছাত্রী। এত চিন্তা করার কিছু নেই। এগারো হাজার ডলারের মতো ছুড়ে দিলেই মিটে যাবে।” মার্কিন পুলিশের এমন আচরণের বিরুদ্ধে আমেরিকার কাছে প্রতিবাদ জানিয়েছিল ভারতও। প্রায় তিন বছর পরে অবশেষে ওই মামলার নিষ্পত্তি হচ্ছে।

বুধবার সিয়াটলের সিটি অ্যাটর্নি এরিকা ইভান্স বলেন, “জাহ্নবী কান্দুলার মৃত্যু এক দুঃখজনক ঘটনা। আমরা আশা করছি এই আর্থিক ক্ষতিপূরণ কান্দুলা পরিবারের কাজে আসবে। জাহ্নবীর পরিবার এবং পরিজনদের কাছে তাঁর জীবনের মূল্য ছিল।” এপি জানাচ্ছে, গত শুক্রবারই কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে সব পক্ষ মামলা নিষ্পত্তির জন্য নোটিস দিয়েছেন। ‘পাবলিকোলা’ নামে স্থানীয় এক সংবাদমাধ্যম প্রথম এই খবর প্রকাশ করে। এই ক্ষতিপূরণের অর্থের প্রায় ২ কোটি ডলার দিতে পারে সিয়াটেল শহর প্রশাসন।

Advertisement
আরও পড়ুন