UPSC IES

আইইএস এবং আইএসএস-র জন্য বিজ্ঞপ্তি ইউপিএসসি-র, পরীক্ষায় আবেদনের শেষ দিন কবে?

প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০-এর মধ্যে হলেই সমস্ত পদের জন্য পরীক্ষায় বসার আবেদন করা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯
UPSC

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

চলতি বছর সিভিল সার্ভিসেস পরীক্ষা (সিএসই)-র জন্য আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। এ বার ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস (আইইএস) এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস (আইএসএস) পরীক্ষার জন্য জারি করা বিজ্ঞপ্তি। সেখানেই পরীক্ষায় নাম নথিভুক্তকরণের সময়সীমা সম্পর্কে জানানো হয়েছে।

Advertisement

জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আইইএস এবং আইএসএস-এর গ্রুপ এ পদে আধিকারিক নিয়োগ করা হবে। রয়েছে ৪৪টি শূন্যপদ।

প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০-এর মধ্যে হলেই সমস্ত পদের জন্য পরীক্ষায় বসার আবেদন করা যাবে। আইইএস পরীক্ষার জন্য প্রার্থীদের অর্থনীতি, ফলিত অর্থনীতি, ইকোনমেট্রিক্স বা বিজ়নেস ইকোনমেটিক্স-এ স্নাতকোত্তর হতে হবে। আইএসএস পরীক্ষার জন্য প্রয়োজন রাশিবিজ্ঞান, ফলিত রাশিবিজ্ঞান বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর যোগ্যতা।

কমিশনের তরফে নিয়োগের জন্য দু’টি ধাপে যোগ্যতা যাচাই করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় থাকবে ১০০০ নম্বর। পরীক্ষায় উত্তীর্ণরা দ্বিতীয় ধাপে ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ ২০০ নম্বর।

আগ্রহীদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিতরা ছাড়া বাকিদের আবেদনমূল্য বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩ মার্চ আবেদনের শেষ দিন। আবেদনপত্র জমা দেওয়ার পর পরীক্ষার্থীদের জন্য ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নম্বর (ইউআরএন)-ও প্রকাশ করা হবে।

Advertisement
আরও পড়ুন