JEE Main Result 2026

প্রকাশ হয়নি চূড়ান্ত ‘আনসার কি’, জয়েন্ট এন্ট্রান্স মেন- এর ফল ঘোষণা কবে? জানাল এনটিএ

জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত মাসের শেষে আয়োজন করা হয় জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই মেন)-এর প্রথম পর্বের পরীক্ষা। চূড়ান্ত ‘আনসার কি’ কবে প্রকাশিত হবে, তা নিয়ে চিন্তায় পড়ুয়ারা। এর মধ্যে কবে পরীক্ষার ফল ঘোষণা করা হবে, তা জানিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। পূর্ব প্রকাশিত ইনফরমেশন বুলেটিনে জানানো হয়েছিল, পরীক্ষার ফল প্রকাশিত হবে ১২ ফেব্রুয়ারি। কিন্তু এখনও পরীক্ষার চূড়ান্ত আনসার কি-ই প্রকাশ করা হয়নি। তাই কবে ফল ঘোষণা করা হবে তা নিয়ে চিন্তায় ছিলেন পরীক্ষার্থীরা। তার মধ্যেই এনটিএ তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা করা হবে জেইই মেন-এর ফলাফল। একইসঙ্গে জানানো হবে কাট-অফ নম্বরও।

চূড়ান্ত আনসার কি প্রকাশিত না হলেও গত ৪ ফেব্রুয়ারি প্রকাশিত হয় পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’। পরীক্ষার্থীরা তা নিয়ে আপত্তি জানানোর জন্য ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পান। তবে তার পর এনটিএ-র তরফে সমস্ত উত্তর খতিয়ে দেখে চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হয়নি। সাধারণত চূড়ান্ত আনসার কি-র উপর ভিত্তি করে পরীক্ষার রেজ়াল্ট প্রস্তুত করা হয়।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। প্রথম পত্রে বিই এবং বিটেক-এ ভর্তির এবং দ্বিতীয় পত্রে বিআর্ক এবং বিপ্ল্যান-এ ভর্তির জন্য জেইই মেন-এর পরীক্ষা নেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন