SIR in Uttar Pradesh

উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ল, মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধে সিদ্ধান্ত কমিশনের

পশ্চিমবঙ্গ-সহ ভারতের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে গত ৬ জানুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছোল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৬
উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে।

উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বেশ খানিকটা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ এপ্রিল।

Advertisement

পশ্চিমবঙ্গ-সহ ভারতের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে। উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা পড়ার পর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে গত ৬ জানুয়ারি। ৬ ফেব্রুয়ারির মধ্যে সেই সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং বক্তব্য জানাতে বলা হয়েছিল। সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৬ মার্চ। এ ছাড়া, খসড়া তালিকার ভিত্তিতে শুনানি, ভোটারদের নথি যাচাই, খসড়া তালিকা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ২৭ মার্চ পর্যন্ত সময় ধার্য করা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি যাচাই করতে হবে ৩ এপ্রিলের মধ্যে। তার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১০ এপ্রিল। এর আগে উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য ছিল ৬ মার্চ। অর্থাৎ, সময়সীমা ৩৫ দিন বৃদ্ধি করা হয়েছে।

এসআইআর প্রক্রিয়ায় আরও সময় লাগবে জানিয়ে গত ২ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন। কারণ হিসাবে একাধিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন তিনি। সেই চিঠি পাওয়ার পরেই সমস্যাগুলির কথা বিবেচনা করে কমিশন। সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শেষ পর্যায় চলছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগে ৭ ফেব্রুয়ারি শুনানি পর্বের শেষ দিন। এ রাজ্যের তিনটি জেলা এখনও পর্যন্ত শুনানির সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। কমিশন সেই আবেদনগুলি বিবেচনা করে দেখছে। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদলের কোনও সম্ভাবনা আপাতত নেই পশ্চিমবঙ্গে। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় হলফনামা দিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিশন।

Advertisement
আরও পড়ুন