রাহুলের সঙ্গে গোয়েন্কার কী ঘটেছিল সে দিন? মুখ খুললেন সুনীল। ছবি: সংগৃহীত।
২০২৪ সালের আইপিএলে লোকেশ রাহুল ও সঞ্জীব গোয়েন্কার ভিডিয়ো ভাইরাল হয়। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পরে দলের অধিনায়ক রাহুলকে ভর্ৎসনা করেন লখনউ সুপার জায়ান্টসের মালিক গোয়েন্কা। রাহুলকে তাঁর ধমক দেওয়ার দৃশ্য প্রকাশ্যে আসার পরেই সমালোচনার ঝড় বয়ে যায় সঞ্জীব গোয়েন্কাকে নিয়ে। লখনউ সুপার জায়ান্টসের মালিককে একহাত নেয় নেটাগরিকরা। জামাইয়ের সঙ্গে টিম মালিক গোয়েন্কার এ হেন আচরণ নিয়ে কোন গোপন সত্যটি প্রকাশ্যে আনলেন শ্বশুরমশাই সুনীল শেট্টী?
সে দিন মাঠে যা ঘটে, তাতে রাহুল বেশ মানসিক আঘাত পেয়েছিলেন। যদিও যে ভাবে সকলে ভালবাসা দিয়েছেন, তাতে ক্রিকেটতারকা আপ্লুত। সুনীলের কথায়, ‘‘দর্শক যে ওর কথা ভেবেছে, ওকে ভালবাসা দিয়েছে, তাতে রাহুল কৃতজ্ঞ। সে দিন যা ঘটে মাঠে, তাতে ভীষণ ভাবে আহত হয় ও। কিন্তু ঠিক কী হয়েছিল, তা নিয়ে আজ পর্যন্ত একটা বর্ণও মুখে উচ্চারণ করেনি রাহুল। আমার মনে হয়, সঞ্জীবজির ব্যক্তিগত জীবনে হয়তো কোনও ধরনের খারাপ কিছু চলছিল, সেই কারণেই এই প্রতিক্রিয়া। আমরা সে ভাবেই দেখেছি বিষয়টাকে।’’
সুনীল জানান, জামাইয়ের সাফল্যে তিনি গর্বিত। যা কিছু রাহুল অর্জন করেছেন, তাতে তিনি আপ্লুত। যদিও মাঠে রাহুল খেললে, চিন্তায় খেলা দেখেন না শ্বশুরমশাই।