চোখের নীচের কালি ও ফোলা ভাব দূর করার কিছু উপায় রইল। ছবি: ফ্রিপিক।
চোখের নীচে কালো দাগ বা ফোলা ভাব খুবই বিরক্তিকর। সকালে ঘুম থেকে উঠে হয়তো দেখলেন চোখের নীচের অংশ ভীষণ ভাবে ফুলে গিয়েছে, অথবা গোটা চোখেই কেমন ফোলা ফোলা ভাব। ঘুমের অভাবে, অত্যধিক ক্লান্তিতে এমন হতে পারে। যদি দেখেন চোখের নীচের অংশ অস্বাভাবিক রকম ফুলে আছে, মেকআপেও তা ঢাকা সম্ভব নয়, তা হলে কিছু সহজ উপায় জেনে নিন।
চোখের নীচের ফোলা ভাব দূর করার সহজ উপায়
টি-ব্যাগ থেরাপি
দু'টি গ্রিন টি বা ব্ল্যাক টি-ব্যাগ গরম জলে ভিজিয়ে নিন। এরপর সেগুলিকে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এবার চোখ বন্ধ করে ১০-১৫ মিনিট টি-ব্যাগ দু'টি চোখের ওপর দিয়ে রাখুন।
শসার প্যাক
বাড়িতে শসা থাকলেই চোখের ফোলা ভাব নিয়ে চিন্তা করার কোনও মানে নেই। শসার গুণে ত্বকের অনেক সমস্যার মতো এটিও দূর হবে। শসাতে রয়েছে প্রদাহনাশক উপাদান। শসা গোল গোল করে কেটে চোখের উপরে রেখে দিন ১৫ মিনিট। এতে চোখের নীচের কালি ও ফোলা ভাব অনেকটা দূর হবে।
কফি ও মধুর প্যাক
১ চা চামচ কফি পাউডার এবং আধ চামচ মধু নিতে হবে। উপকরণ দুটি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। চোখের নিচের সংবেদনশীল ত্বকে হালকা করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের পর নারকেল তেল মেখে নিতে পারেন।
কাঁচা দুধ ও গোলাপ জল
আাধ কাপ পরিমাণ দুধে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এতে তুলো ভিজিয়ে চোখের নীচে চেপে রাখুন কিছু ক্ষণ। তিন থেকে চার বার পদ্ধতিটি করুন। এতে চোখের নীচের কালি দূর হবে এবং চোখের চারপাশের ত্বকও সতেজ ও টানটান থাকবে।