—প্রতীকী চিত্র।
রূপান্তরকামী, পুরুষ সমকামী ও মহিলা যৌনকর্মীদের রক্তদানে অংশগ্রহণ নিষিদ্ধ করার নীতি সঠিক বলে দাবি করল কেন্দ্র। এই বক্তব্যের পক্ষে বিশেষজ্ঞ কমিটির বক্তব্যও হলফনামায় পেশ করেছে তারা। সরকারের তরফে দাবি করা হয়েছে, বৈষম্যের ভিত্তিতে এই নীতি তৈরি হয়নি, রক্তদানের সময়ে এইচআইভি ও হেপাটাইটিসের মতো রোগের সংক্রমণ রুখতেই সতর্কতা।
এ নিয়ে শুনানি চলছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে। এ দিন শুনানিতে প্রধান বিচারপতি আবেদনকারীদের বলেন, “এ নিয়ে নির্দেশ দেওয়ার একটি গ্রহণযোগ্য কারণ বলুন। লক্ষ লক্ষ গরিব মানুষ বিনামূল্যে রক্ত গ্রহণ করেন। তাঁরা বেসরকারি হাসপাতালে যেতে পারেন না।”
আবেদনকারীদের আইনজীবী বলেন, “কেউ রক্তদান করলে সেই রক্ত পরীক্ষা করা হয়। বস্তুত এইচআইভি ও নিউক্লিক অ্যাসিড টেস্ট করা হয়।”
সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট আবেদনটি করেন রূপান্তরকামী অধিকার কর্মী থাংজম সান্টা সিংহ। রক্তদাতা নির্বাচন ও রক্তদাতা রেফারেল বিধির দু’টি ধারা খারিজ করার আবেদন জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রকের তৈরি ওই বিধিতে বলা হয়েছে, রূপান্তরকামী, পুরুষ সমকামী ও নারী যৌনকর্মীদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। তাই তাঁদের রক্তদান থেকে বিরত রাখা প্রয়োজন।
আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, “যদি আজ বিসমকামী বিবাহিত মানুষ রক্তদান করতে চান তবে কি তাঁর কাছে জানতে চাওয়া হবে কবে তিনি শেষ বার সুরক্ষা ছাড়াই যৌনতায় লিপ্ত হয়েছিলেন? ঝুঁকি থাকে সুরক্ষা ছাড়া যৌন প্রক্রিয়ায়। আমার যৌন পরিচয়ে নয়।”