Woman Murdered

প্রাক্তন পরিচারিকাকে টাকা, সোনা দিয়ে ব্যবসায় সাহায্য করেছিলেন, ফেরত চাইতেই খুন মহিলা

পুলিশ সূত্রে খবর, শনিবার শান্তিবেনের দেহ একটি শপিং মলের বেসমেন্ট থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। স্থানীয়েরাই দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৬:৩৯
(বাঁ দিকে) শপিং মলের বেসমেন্ট থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার শান্তিবেনের (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) শপিং মলের বেসমেন্ট থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার শান্তিবেনের (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বাড়ির প্রাক্তন পরিচারিকাকে ব্যবসা শুরু করার জন্য সাহায্য করেছিলেন টাকা, সোনা দিয়ে। কিন্তু সেগুলি ফেরত চাওয়ায় সেই পরিচারিকার হাতেই খুন হতে হল মহিলাকে। ঘটনাটি গুজরাতের পালানপুরের। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শান্তিবেন আকেরিওয়ালা। গত ২২ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার শান্তিবেনের দেহ একটি শপিং মলের বেসমেন্ট থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। স্থানীয়েরাই দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বস্তা খুলতেই মহিলার পচাগলা দেহ বেরিয়ে আসে। শান্তিবেনের পরিবার তাঁকে শনাক্ত করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ২২ মার্চ প্রাক্তন পরিচারিকার আসবাবের দোকানে গিয়েছিলেন শান্তিবেন। তার পর থেকেই তাঁর আর কোনও খাঁজ পাওয়া যাচ্ছিল না। তার পরই তাঁর পরিবার পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করে।

তদন্তে নেমে পুলিশ প্রাক্তিন পরিচারিকা রেখা রাঠৌরের হদিস পায়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। তদন্তকারীরা জানিয়েছেন, ১৫ বছর ধরে শান্তিবেনের বাড়িতে পরিচারিকার কাজ করতেন রেখা। পরে বন্ধুর মতো একটা সম্পর্ক তৈরি হয় দু’জনের মধ্যে। রেখা কাজ ছেড়ে দেওয়ার পর ব্যবসায় নামেন। আসবাবের ব্যবসা করার জন্য তাঁকে সোনার গয়না এবং টাকা দিয়ে সাহায্য করেছিলেন শান্তিবেন। ব্যবসা ভাল ভাবে চলতে থাকে। শান্তিবেন তখন তাঁর টাকা এবং গয়নাগুলি ফেরত দিতে বলেন রেখাকে। অভিযোগ, সেই টাকা এবং গয়না যাতে ফেরত দিতে না হয়, তার জন্য শান্তিবেনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন রেখা। পরিকল্পনা মতো শান্তিবেনকে নিজের দোকানে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুঁশ করে খুন করেন বলে অভিযোগ। এই কাজে তাঁকে সাহায্য করেছিলেন আরও চার জন। তার পর শান্তিবেনের দেহ ফেলে দিয়ে আসেন বস্তাবন্দি করে। এই ঘটনায় রেখা এবং তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন জনের খোঁজ চলছে।

Advertisement
আরও পড়ুন