Delhi Accident

‘বাঁচানোর জন্য ১০ মিনিট ধরে সাহায্য চেয়েছিল’! নাবালকের গাড়ির ধাক্কায় দিল্লিতে যুবকের মৃত্যু, ন্যায়বিচারের আর্জি মায়ের

পুলিশ জানিয়েছে, লালা বাহাদুর শাস্ত্রী কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। একটি এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্যাক্সি, তার পর একটি বাইকে ধাক্কা মারে। ট্যাক্সিচালক আহত হন। মৃত্যু হয় বাইক আরোহী সাহিলের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪
দুর্ঘটনায় মৃত যুবক সাহিল। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনায় মৃত যুবক সাহিল। ছবি: সংগৃহীত।

তাঁকে বাঁচানোর জন্য ১০ মিনিট ধরে সাহায্য চেয়ে গিয়েছিলেন যুবক। সামনে একটি অ্যাম্বুল্যান্সও ছিল। কিন্তু তাঁকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ দিল্লির মৃত যুবকের মায়ের। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর দ্বারকায় এক নাবালকের এসইউভির ধাক্কায় মৃত্যু হয় বাইক আরোহী যুবক সাহিল ধানেস্রার (২৩)। পুত্রের জন্য ন্যায়বিচার চেয়ে আর্জি জানিয়েছেন মা। সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাহিলের মা ইনা মাকান বলেন, ‘‘ঘাতক গাড়িটিকে ১৩ বার জরিমানা করা হয়েছিল। বেশির ভাগ জরিমানা হয়েছিল উত্তরপ্রদেশে। আর সেই জরিমানা হয়েছিল বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য।’’ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গাড়িচালক নাবালক। গাড়ির বৈধ কোনও কাজগপত্রও ছিল না। ইনার দাবি, পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে এই ঘটনার সঠিক তদন্ত হবে। কিন্তু দেখা যাচ্ছে, জামিনে ছাড়া পেয়েছে ওই চালক। তাঁর কথায়, ‘‘অন্তর্বর্তী জামিনে মুক্ত অভিযুক্ত কিশোর। আমি এসিপি এবং ডিসিপি-র সঙ্গে দেখা করেছি। ওঁরা বলেছেন, সঠিক তদন্ত হবে।’’

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মস্তিষ্কে গুরুতর চোটের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হয় সাহিলের। সাহিলের মা ইনা বলেন, ‘‘ঘটনার দিন দুপুর ১টায় বাড়িতে ফোন আসে। সেই ফোন পেয়েই ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি রাস্তায় পড়ে রয়েছে আমার ছেলে। তাঁর জ্যাকেট ছেঁড়া। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। ওর অবস্থা খুব খারাপ ছিল। সামনে একটা অ্যাম্বুল্যান্স ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে চায়নি।’’ ইনা জানান, ছেলেকে নিয়ে হাসপাতালে যান তিনি। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, লালা বাহাদুর শাস্ত্রী কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। একটি এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্যাক্সি, তার পর একটি বাইকে ধাক্কা মারে। ট্যাক্সিচালক আহত হন। মৃত্যু হয় বাইক আরোহী সাহিলের।

Advertisement
আরও পড়ুন