Mala Roy

যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ায় কত ভারতীয় আটকে? তৃণমূল সাংসদ মালা রায় প্রশ্ন করলেন লোকসভায়, তথ্য দিল কেন্দ্র

ইরান তো বটেই, পশ্চিম এশিয়ার প্রায় সব দেশেই ভারতীয়েরা রয়েছেন। কেউ কমর্সূত্রে সেখানে রয়েছেন, কেউ আবার বসবাস করছেন ওই দেশগুলিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৪:৫৯
পশ্চিম এশিয়ায় কত ভারতীয় আটকে লোকসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ মালা রায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিম এশিয়ায় কত ভারতীয় আটকে লোকসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ মালা রায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের এক মাস হতে চলেছে। ওই অঞ্চলের বিভিন্ন দেশে কর্মসূত্রে রয়েছেন প্রচুর ভারতীয়। ইরান তো বটেই, পশ্চিম এশিয়ার প্রায় সব দেশেই ভারতীয়েরা রয়েছেন। কেউ কমর্সূত্রে সেখানে রয়েছেন, কেউ আবার বসবাস করছেন ওই দেশগুলিতে। লোকসভায় এই বিষয়টি উত্থাপন করে দু’টি বিষয় মোদী সরকারের কাছে জানতে চেয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়।

Advertisement

কেন্দ্রের কাছে সাংসদ মালার প্রশ্ন ছিল, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার দেশগুলিতে কত জন ভারতীয় আটকে রয়েছেন? যদি আটকে থাকেন, তা হলে তাঁদের সংখ্যা কত? দেশ এবং রাজ্যভিত্তিক সেই তথ্য জানানো হোক। তৃণমূল সাংসদের এই প্রশ্নের উত্তর দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ লোকসভায় জানিয়েছেন, পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলে এক কোটি ভারতীয় বসবাস করেন। ইরান, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহি-সহ পশ্চিম এশিয়ার দেশগুলিতে কোথায় কত সংখ্যক ভারতীয় বসবাস করছেন, আলাদা আলাদা করে সেই তথ্য দেন তিনি।

কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী সংসদে আরও জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের জেরে অনেক দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। বিমানও বাতিল হচ্ছিল। ফলে পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে যে সব ভারতীয় গিয়েছিলেন কিংবা ওই পরিস্থিতিতে যাঁরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, বিমান বাতিল, আকাশসীমা বন্ধ থাকার জন্য সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁদের। তবে ওই সব দেশের ভারতীয় দূতাবাস আটকে থাকা ভারতীয়দের বিমানের ব্যবস্থা করেছে। ২১ মার্চ পর্যন্ত ৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় পশ্চিম এশিয়া থেকে দেশে ফিরেছেন।

প্রসঙ্গত, মার্চের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র। সেই সময় প্রহ্লাদ জানান, পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সরকারের তরফে। কী ভাবে সেই সব দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ঊর্ধ্বতন আধিকারিকেরা আলোচনা করছেন। পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতি জারি করে জানান, ১ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে ৫২ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক উপসাগরীয় অঞ্চল থেকে নিরাপদে দেশে ফিরেছেন। মোট ৫২ হাজার ভারতীয়ের মধ্যে ৩২ হাজার ১০৭ জন ভারতীয় বিমানে এবং বাকিরা বিদেশি বিমানে দেশে ফিরেছেন।

Advertisement
আরও পড়ুন