বাছাই করা প্রসাধনী মাখেন সমান্থা। তালিকায় থাকে কী কী? ছবি: ইনস্টাগ্রাম।
রূপচর্চারও নানা ধাপ থাকে। একটির পর একটি প্রসাধনী ব্যবহার করতে হয়। থাকে তার নানা কৌশলও। ধাপে ধাপে সেই রূপচর্চাতেই ক্লান্ত সমান্থা রুথ প্রভু! সম্প্রতি এক সাক্ষাৎকারে ত্বকের যত্ন নিয়ে কথা বলতে গিয়েই দক্ষিণী অভিনেত্রী জানালেন অল্পেই বিশ্বাসী তিনি। ৩৮ বছর বয়সী অভিনেত্রী জানাচ্ছেন, এক সময়ে রূপচর্চার অনেক ধাপই মেনেছেন। নানা ধরনের প্রসাধনী ব্যবহারের পরে তাঁর উপলব্ধি, নির্দিষ্ট কয়েকটি জিনিস মাখলেই যথেষ্ট। নতুন নতুন পণ্য দেখে পরীক্ষানিরীক্ষা না করে, যা ত্বকের পক্ষে উপযোগী মনে হচ্ছে, সেটি দীর্ঘ দিন ধরে মাখলেই ত্বক ভাল থাকবে।
সমান্থার রূপচর্চার তালিকায় এখন থাকে সানস্ক্রিন, রেটিনল এবং ভাল সিরাম। অভিনেত্রীর কথায়, তরুণ বা কমবয়সিদের ত্বকে রেটিনলের দরকার হয় না। তবে তাঁর বয়স অনুযায়ী তিনি রেটিনল বেছে নিয়েছেন। ত্বকের চিকিৎসক সুনীতা নায়কও মনে করেন, একাধিক জিনিস মাখার চেয়ে ত্বকের উপযোগী এবং বাছাই করা কয়েকটি জিনিসই তালিকায় থাকা ভাল। একের পর এক প্রসাধনী ব্যবহার করলে পরতের পর পরত জমতে থাকে মুখে, এতে ত্বকেরও শ্বাস নিতে অসুবিধা হয়।
সানস্ক্রিন সকলেরই মাখা দরকার, বার বারই বলেন ত্বকের চিকিৎসকেরা। এমনকী মেঘলা দিনেও তা রূপচর্চার রুটিনে থাকা দরকার। কারণ, রোদ না থাকলেও সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি পরিবেশে থাকে এবং ত্বকের ক্ষতি করতে পারে। ত্বকের উপযোগী কোনও সিরাম বেছে নেওয়া জরুরি। কারণ, সিরাম ত্বকের গভীরে গিয়ে ত্বক উজ্জীবিত করতে সাহায্য করে। রেটিনল হল ভিটামিন এ, যা ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং বলিরেখা ঠেকাতে সাহায্য করে। ত্বকের উন্মুক্ত রন্ধ্র সঙ্কুচিত করতে সাহায্য করে। বয়স হলে মুখে যে সব লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে, তা কমানোয় বিশেষ কার্যকরী রেটিনল।
চিকিৎসকের কথায়, সমান্থা যে ধরনের প্রসাধনী ব্যবহার করেন তা ত্বকের যত্নের মূল উপাদান। তবে তিনি মনে করাচ্ছেন, ত্বকের ধরন এবং প্রয়োজন অনুযায়ী প্রসাধনী বাছাই করতে হবে। ভিটামিন সি, হায়ালুরোনিক অ্যাসিড বা ভিন্ন ভিন্ন সিরামের আলাদা আলাদা কাজ। ব্রণ থাকলে, ত্বক তৈলাক্ত হলে হালকা ধরনের ময়েশ্চারাইজ়ার ভাল। তবে শুষ্ক ত্বকের জন্য উপযোগী হবে আর্দ্রতা ধরে রাখতে পারে এমন কিছু।