FIFA World Cup 2026

এমবাপেদের দলে যোগ দেশঁর, প্যারিসে মায়ের শেষকৃত্য সেরে নকআউটের আগে আমেরিকায় ফিরলেন ফরাসি কোচ

বিশ্বকাপের মাঝেই মারা গিয়েছেন দিদিয়ের দেশঁর মা। সেই কারণে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। মায়ের শেষকৃত্য সেরে আবার দলের সঙ্গে যোগ দিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০০:৫৩
football

দিদিয়ের দেশঁ। ছবি: রয়টার্স।

নকআউটের আগেই ফরাসি শিবিরে যোগ দিলেন দিদিয়ের দেশঁ। বিশ্বকাপের মাঝে মারা গিয়েছেন দেশঁর মা। সেই কারণে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। মায়ের শেষকৃত্য সেরে আবার দলের সঙ্গে যোগ দিলেন তিনি।

Advertisement

গত মঙ্গলবার মায়ের অসুস্থতার খবর পান দেশঁ। সঙ্গে সঙ্গে দেশে ফেরার অনুমতি চান তিনি। তাঁকে অনুমতি দেয় ফরাসি ফুটবল সংস্থা। প্যারিসে ফিরে দেশঁ জানতে পারেন, তাঁর মা মারা গিয়েছেন। মায়ের শেষকৃত্যে যোগ দেন তিনি। শনিবার আবার আমেরিকায় ফিরে গিয়েছেন দেশঁ।

ফরাসি ফুটবল সংস্থা সংবাদমাধ্যমকে একটি বার্তায় বলেছে, “দেশঁ আমাদের সঙ্গে রয়েছে।” এই বার্তা থেকে পরিষ্কার, দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। দেশঁ না থাকায় গ্রুপ পর্বে নরওয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে দলের দায়িত্ব সামলেছেন সহকারী কোচ গাই স্টিফেন। ৪-১ গোলে নরওয়েকে হারিয়েছে ফ্রান্স। তিন ম্যাচ জিতে নকআউটে জায়গা করে নিয়েছে তারা।

কোচের মা জিনেট দেশঁকে শ্রদ্ধা জানানোর জন্য নরওয়ে ম্যাচটি কালো বাহুবন্ধনী পরে খেলতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপেরা। আমেরিকার সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্স ফুটবল ফেডারেশন সরকারি ভাবে আর্জি জানায় ফিফাকে। কিন্তু অনুমতি দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

এই আর্জি খারিজের পর ম্যাচ শুরুর আগে জিনেটের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের প্রস্তাব দেয় ফ্রান্স। তা-ও মানেনি ফিফা। যদিও ফ্রান্স-নরওয়ে ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন হয়েছে। সেটা হয়েছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের শ্রদ্ধা জানিয়ে। দেশঁর মা যেহেতু বিশ্বকাপের সঙ্গে যুক্ত ব্যক্তি নন, তাই ফিফা অনুমতি দেয়নি বলে জানা গিয়েছে।

মঙ্গলবার মধ্যরাত আড়াইটের সময় বিশ্বকাপের নকআউটে খেলতে নামবে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ সুইডেন। সেই ম্যাচের আগে আবার দলের দায়িত্ব নিলেন দেশঁ। মায়ের প্রতি শেষ দায়িত্ব মিটিয়েই কাজে ফিরলেন তিনি।

Advertisement
আরও পড়ুন