কাবো ভার্দের গোলরক্ষক ভোজ়িনহা। ছবি: রয়টার্স।
সবচেয়ে ছোট দেশ হিসাবে বিশ্বকাপের নকআউটে ওঠার রেকর্ড গড়েছে কাবো ভার্দে। রাউন্ড অফ ৩২-এ তাদের সামনে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ধারেভারে অনেকটাই পিছিয়ে কাবো ভার্দে। কিন্তু তার পরেও লিয়োনেল মেসিদের সতর্ক করে দিয়েছেন কাবো ভার্দের গোলরক্ষক ভোজ়িনহা। তাঁর হুঁশিয়ারি, যে কোনও দলকে হারাতে পারেন তাঁরা।
ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। কাবো ভার্দে ৬৪ নম্বরে। প্রতিটি ম্যাচের পরেই অবশ্য এই ক্রমতালিকায় বদল হচ্ছে। আর্জেন্টিনার থেকে ক্রমতালিকায় এতটা পিছিয়ে থাকলেও তাদের হালকা ভাবে নিলেন ভুগতে হতে পারে আর্জেন্টিনাকে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিয়েছে কাবো ভার্দে। আর্জেন্টিনার বিরুদ্ধেও সেটা করে দেখাতে চান তাঁরা।
প্রথম বার বিশ্বকাপে সুযোগ পেয়েই নকআউটে উঠেছে কাবো ভার্দে। সেই ম্যাচে নামার আগে ভোজ়িনহা বলেন, “আমরা কেউ ভাবিনি এতটা এগোব। কিন্তু আমরা জানতাম, আমাদের ক্ষমতা আছে। অনেকে ভেবেছিলেন, আমরা একটা ম্যাচও জিততে পারব না। হয়তো জিততে পারিনি। কিন্তু হারিওনি। এ বার সামনে আর্জেন্টিনা। ওদের বিরুদ্ধে খেলা, মেসির বিরুদ্ধে খেলা আমাদের স্বপ্ন।”
এ কথা বলেই অবশ্য আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়েছেন ভোজ়িনহা। তিনি বলেন, “আমরা এখানে ড্র করতে আসিনি। জিততে এসেছি। আমরা জানতাম সেটা সহজ হবে না। সৌদি আরবের বিরুদ্ধেও জেতার চেষ্টাই করেছি। পারিনি। কিন্তু পরের ম্যাচেও যে পারব না, তার নিশ্চয়তা নেই। আমরা জেতার জন্যই নামব।”
ছোট দেশ হলেও বড় স্বপ্ন নিয়ে এসেছেন তাঁরা। সেই স্বপ্ন পূরণ করতে চান। আর্জেন্টিনাকে ধাক্কা দিতে চান ভোজ়িনহা। তিনি বলেন, “আমাদের দেশ খুব ছোট। কিন্তু আমরা লড়তে জানি। আমাদের সেই ক্ষমতা আছে। আমরা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি।”
অনেক লড়াই করে তাঁদের বড় হতে হয়েছে। নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হয়েছে। তাই লড়াকু মনোভাব তাঁদের সকলের মধ্যেই রয়েছে। সেই মনোভাবই দেখাতে চান তাঁরা। ভোজ়িনহা বলেন, “আমরা খুব কষ্ট করে বড় হয়েছি। আমাদের পরিবার আমাদের জন্য অনেক ত্যাগ করেছে। তাই আমাদের আবেগ অনেক বেশি। সেই আবেগ আমরা মাঠে দেখাতে চাই। আমরা লড়তে এসেছি। না লড়ে মাঠ ছাড়ব না।”