হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে এত ভাবতেই হত না। গ্রুপের শেষ ম্যাচ হারলেও সেমিফাইনালে জায়গা করে নিত ভারত। কিন্তু সেই ম্যাচ হেরে সমস্যায় পড়েছেন হরমনপ্রীত কৌরেরা। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ এখনও নিজেদের হাতেই রয়েছে ভারতের। তবে সেই সুযোগ সহজ নয়। কঠিন লড়াই হরমনপ্রীতদের সামনে।
ভারতের পয়েন্ট চার ম্যাচে ৬। দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট চার ম্যাচে ৬। অস্ট্রেলিয়া চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সকলের উপরে রয়েছে। চার নম্বরে বাংলাদেশ। তাদের পয়েন্ট চার ম্যাচে ৪। খাতায়-কলমে বাদ না পড়লেও তাদের সেমিফাইনালে ওঠা প্রায় অসম্ভব।
গ্রুপ এ-তে বাকি রয়েছে আর দু’টি ম্যাচ। শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তার আগের ম্যাচে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তা হলে বিশ্বকাপের সেমিফাইনালে প্রায় উঠে যাবে তারা। কারণ, সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা জিতলে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে হবে ফয়সালা। ভারতের নেট রানরেট ২.২৬৮। দক্ষিণ আফ্রিকার ০.৭৩৪। অর্থাৎ, নেট রানরেটে ভারতকে টপকানো কঠিন।
ভারত যদি অস্ট্রেলিয়াকে ১০ রানের ব্যবধানে হারায় তা হলে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশকে ১৩০-১৩৫ রানের ব্যবধানে হারাতে হবে। আর বাংলাদেশ প্রথমে ব্যাট করলে ৫-৬ ওভারে ম্যাচ জিততে হবে। সেটা খুব কঠিন।
অস্ট্রেলিয়ার নেট রানরেট ৪.৭২৪। অর্থাৎ, তারা ভারতের কাছে হারলেও একটি দল হিসাবে সেমিফাইনালে উঠবে। কোনও ভাবেই বাদ যাওয়ার সম্ভাবনা তাদের নেই। তবে ভারতের লড়াই কঠিন। অস্ট্রেলিয়া একটিও ম্যাচ হারেনি। ভাল ফর্মে রয়েছে। তাদের হারাতে নিজেদের সেরাটা দিতে হবে হরমনপ্রীতদের।
কিন্তু যদি ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তা হলে সমস্যায় পড়বে তারা। সে ক্ষেত্রে বাংলাদেশকে হারালেই সেমিফাইনালে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। বাদ যাবে ভারত। তাই সে ক্ষেত্রে ভারতকে প্রার্থনা করতে হবে, দক্ষিণ আফ্রিকাও যাতে হেরে যায়। সে ক্ষেত্রে সেমিফাইনালে উঠবেন হরমনপ্রীতেরা। বাংলাদেশের নেট রানরেট -০.৮৪৯। ফলে শেষ ম্যাচ জিতলেও ভারত ও দক্ষিণ আফ্রিকার সমান পয়েন্ট হলেও নেট রানরেটে ভারতকে টপকাতে পারবে না তারা।
তবে নিজেদের ম্যাচ খেলতে নামার আগেই ভারত বুঝে যাবে, কী করতে হবে তাদের। কারণ, সেটাই গ্রুপের শেষ ম্যাচ। ফলে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফল জেনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন হরমনপ্রীতেরা।