ইডি-র মামলা সংক্রান্ত বিষয়ে রাজ্যসভায় তথ্য দিল কেন্দ্র। —প্রতীকী চিত্র।
সারা দেশে গত ৬ বছরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মামলা করেছে ৫,১৫৮টি। অপরাধ সাব্যস্ত হওয়ার হার ৯৪ শতাংশ। মঙ্গলবার রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এমনই তথ্য দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
আর্থিক তছরুপ বা দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করে ইডি। সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাটি অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। ইডি সংক্রান্ত প্রশ্নের জবাবে বেশ কিছু তথ্য দিয়েছে নির্মলা সীতারমণের মন্ত্রক। মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, ২০২০ সাল থেকে ইডি ৫,১৫৮টি অর্থ তছরুপের মামলার তদন্ত করেছে। সংশ্লিষ্ট মামলাগুলির তথ্য সংগ্রহ করেছে এবং তদন্ত করেছে। ৪৩টি মামলায় ১০৪ জনকে দোষী সাব্যস্ত করেছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কিন্তু কোন কোন রাজ্যে কী কী এবং কয়টি মামলা রয়েছে, তা বিশদে জানায়নি নির্মলা সীতারমণের দফতর। তারা জানিয়েছে, রাজ্যভিত্তিক তথ্য ইডি দ্বারা রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করা হয় না। এর পর কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানান, ২০২০-২১ সালে সারা দেশে ৯৯৬টি মামলা করেছে ইডি। ২০২১-২২ সালে ১,১১৬টি, ২০২২-২৩ সালে ৯৫৩টি মামলা দায়ের করে কেন্দ্রীয় সংস্থা। একই ভাবে ২০২৩-’২৪ সালে ৬৯৮টি, ২০২৪-’২৫ সালে ৭৭৫টি এবং ২০২৫-’২৬ সালে ৬২০টি মামলা করে ইডি।
তার পর বলা হয়েছে, ২০২০-’২১ সাল থেকে ইডি-র মোট ৪৩টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে, যেখানে ১০৪ জন অভিযুক্তকে পিএমএলএ-এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়। অর্থ তছরুপ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হওয়ার শতাংশ ধরলে ৯৪.৮২ শতাংশ মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন।